ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত পাঁচবার শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত আছে অজিদের। এখন পর্যন্ত বিশ্বকাপের ৯৪ ম্যাচে সর্বোচ্চ ৬৯টি ম্যাচ জিতেছে তারা। সর্বশেষ ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেও ইংল্যান্ডের কাছে হেরে যায় অস্ট্রেলিয়া।
ঐ আসরে খেলা বেশ কিছু খেলোয়াড় আসন্ন বিশ্বকাপের দলেও থাকছেন। এটি অজিদের জন্য সবচেয়ে বেশি ইতিবাচক। আর তাই এবারের আসরে অস্ট্রেলিয়ার ষষ্ঠ বিশ্বকাপ জয়ের সুযোগ দেখছেন দেশটির সাবেক মিডল অর্ডার ব্যাটার মাইক হাসি।
তিনি বলেন, ‘আমার মনে হয় বিশ্বকাপ জয়ের দুর্দান্ত সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ার। কারণ দীর্ঘ সময় ধরে একই গ্রুপের খেলোয়াড়দের ধরে রাখতে পেরেছে তারা। সেসব খেলোয়াড়রা খুব ভালোভাবে জানে, তাদের কি করতে হবে এবং দলের জন্যও ধারাবাহিকভাবে ভালো করছে তারা।’
গত মার্চে ভারতের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো অস্ট্রেলিয়া। বিশ্বকাপ ভারতের মাটিতে হওয়ায়, ঐ সিরিজের জয় বাড়তি অনুপ্রেরণা দিবে অসিদের বলে জানান হাসি। তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, ছোট বিষয়গুলো ভিন্নভাবে করার চেষ্টা করছে। ভারতের কন্ডিশনে টিম ইন্ডিয়ার বিপক্ষে দারুণ পারফরমেন্স করেই সিরিজ জিতেছে তারা। ঐ সিরিজের সাফল্য আসন্ন বিশ্বকাপে দারুণ আত্মবিশ্বাস দিবে দলকে।’
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দুর্দান্ত রেকর্ডের কথাও মনে করিয়ে দেন হাসি। তিনি বলেন, ‘বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দারুণ ইতিহাস আছে। আমি জানি, বিশ্বকাপে ভালো করতে দৃঢ়প্রতিজ্ঞ থাকবে তারা।’