ক্যান্সারে লড়ে মারা গেল সামাজিক মাধ্যমে জনপ্রিয় সেই কুকুর

সামাজিক মাধ্যম ব্যবহার করেছেন কিন্তু এই কুকুরের ছবি কোথাও দেখেননি এমন মানুষ এ যুগে একজনও নেই। হাসির খোরাক যোগানো মিম কিংবা মজার কোনো পোস্টে এই কুকুরে ছবি আপনি কখনো না কখনো দেখে থাকবেন। চিমস নামের এই জনপ্রিয় কুকুরটি ১৮ আগস্ট মারা গেছে। এ খবর তার মালিক ইনস্টাগ্রামে নিশ্চিত করেছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চিমস ব্যাল্টেজ নামের কুকুরটি দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেছে। ইনস্টাগ্রামে তার মালিক এই ঘোষণা দেওয়ার পর থেকে কুকুরের প্রতি সমবেদনা জানানো শুরু করে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা।

তার মালিক ইনস্টাগ্রামে জানায়, শুক্রবার সকালে শেষ থোরাসেন্টেসিস অস্ত্রোপচারের সময় চিমস চিরতরে ঘুমিয়ে পড়ে। আমরা এই অপারেশনের পরে তাকে কেমোথেরাপি বা অন্যান্য সম্ভাব্য চিকিত্সার ব্যবস্থা করতে চেয়েছিলাম। কিন্তু তা করতে অনেক দেরি হয়ে গেছে। আপনারা কেউ দুঃখ পাবেন না। সে দুনিয়া সবসময় আনন্দ দিয়ে গেছে। তার অবদান মনে রাখবেন।

তার মালিক আরও বলছেন, গোলাকার হাসিখুশি চেহারার শিবা ইনু আমাদের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন করে দিয়েছে। মহামারির সময় অনেক লোকের মুখে হাসি ফুটিয়েছে সে। কিন্তু এখন তার মিশন সম্পন্ন হয়েছে।