‘পারাপার’ দিয়ে মঞ্চে নিয়মিত আরিফ হক

বৃহস্পতি ও শুক্রবার শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে অনুষ্ঠিত হয়ে গেল ‘পারাপার’-এর বিশেষ প্রদর্শনী। নন্দিত নাট্যজন মাসুম রেজার রচনা ও ফাহিম মালেক ইভানের নির্দেশনায় এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিজ্ঞাপন ও চলচ্চিত্রের চেনা মুখ আরিফ হক।

থিয়েটার চর্চার মধ্য দিয়ে মেধাবী অভিনেতা আরিফ হকের অভিনয়ে হাতেখড়ি। ২০০১ সালে ‘কালচৈতন্য’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করে দর্শক মন জয় করেছিলেন তিনি। এরপর মঞ্চের সঙ্গে থাকলেও অভিনয়ে ছিল দীর্ঘ বিরতি।

এই সময়ে আরিফ হককে আমরা বিজ্ঞাপন, টিভি নাটক ও চলচ্চিত্রে নানান চরিত্রে দেখেছি। কখনো সিরিয়াস, কখনো স্যাটায়ার বা ব্যাঙ্গাত্বক আবার কখনো আদর্শবান মানুষের চরিত্রে। তার একটি গুণ হলো পর্দায় বা মঞ্চে কখনো বাস্তব আরিফের সঙ্গে মেলানো যায় না। 

0-

এ ব্যাপারে আরিফ বলেন, ‘এটা আমার সৌভাগ্য ও দুর্ভাগ্য দুটোই এতে আমার চরিত্র ফুটে উঠে বটে অন্যদিকে সাধারণ মানুষ আমাকে চেনে না।’

দীর্ঘ বিরতির পর ‘পারাপার’ নাটকের মধ্য দিয়ে মঞ্চে সরব হয়েছেন আরিফ হক। আরিফ হকের এই বহুমাত্রিক অভিনয় দক্ষতা পরিচালক ফাহিম মালেক ইভান যথাযথ ব্যাবহার করেছেন এই নাটকে। নাটকটির ডালিম চরিত্রে অভিনয় করছেন আরিফ হক।

প্রথম দিনের মঞ্চায়ন শেষে নাট্যকার মাসুম রেজা আরিফ হকের অভিনয়ের প্রশংসা করে বলেন, ‘আমি ডালিম চরিত্রটিকে যেভাবে চেয়েছি আরিফ বহুমাত্রায় সেটিকে উৎরে গেছে।’

আরিফ হক অবশ্যে এর পুরো কৃতিত্ব দিতে চান নাট্যকার ও নির্দেশকের ঝুলিতে।
 
পারাপার নাটকের পোষাক পরিকল্পনা করেছেন সাজিয়া আফরিন, মঞ্চ পরিকল্পনায় কাজী কোয়েল, আলোক পরিকল্পনা গোলাম ফারুক টিটু, অসীম নট্ট, লরেন্স গমেজ, ইমামুর রশীদ, ফাহিম মালেক ইভান। 

সুরের ব্যঞ্জনায় দর্শকদের বিমোহিত করতে নাটকে গীত আর নৃত্যের অপূর্ব মেলবন্ধন সৃষ্টি করেছেন নির্দেশক। নাটকের বিভিন্ন গানে সুর দিয়েছেন ইউসুফ হাসান অর্ক এবং ফাহিম মালেক ইভান। কোরিওগ্রাফি করেছেন ফেরদৌস হাসান।
 
‘পারাপার’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কামাল আহমেদ, অসীম কুমার নট্ট, কাজী রাজু, গোলাম মাহমুদ, আশরাফুল আশীষ, মাঈন হাসান, আরিফ হক, কাজী লায়লা বিলকিস, সোমা ফেরদৌসী, ইসমত জেরিন, তানহা, লিমন, শাহেদ, সজীব, সবুজ, বাদশা, নাঈম, নাইমুর, নাভিদ, শামীমসহ আরও অনেকে।