রহস্য ও মনস্তাত্ত্বিক থ্রিলার গল্প নিয়ে আসছে চিত্তভ্রম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৬

মনস্তাত্ত্বিক থ্রিলার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র Black Out (চিত্তভ্রম)–এর শুটিং সফলভাবে সম্পন্ন হয়েছে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন তরুণ নির্মাতা পুলক রাজ। 

পুলক রাজ জানান, এই গল্পে রহস্যময়তা ও মানসিক উত্তেজনার দৃশ্যগুলো ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের শিক্ষার্থী ইমরুল হাসান। ডিওপি হিসেবে তিনি বলেন, প্রতিটি ফ্রেমে আলো, ছায়া ও প্রতীকী ভাষার মাধ্যমে চরিত্রগুলোর মানসিক অবস্থা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

গুরুত্বপূর্ণ চরিত্র ‘জবা’-তে অভিনয় করেছেন দিলরুবা হোসেন দোয়েল। তিনি জানান, জবা একটি জটিল চরিত্র। তার মধ্যে রয়েছে দুঃখ, টানাপোড়েন ও টিকে থাকার লড়াই। এই চরিত্রে ডুবে গিয়ে অভিনয় করতে হয়েছে, যা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা।

চলচ্চিত্রে ‘হৈম’ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। তিনি বলেন, চিত্তভ্রম কেবল একটি সিনেমা নয়-এটি মানুষের ভেতরের অন্ধকার ও আলোর লড়াইকে একসঙ্গে তুলে ধরে। প্রতিটি চরিত্র দর্শকের মনে গভীর প্রভাব ফেলবে। আমি বিশ্বাস করি, এই চলচ্চিত্র আন্তর্জাতিক উৎসবগুলোতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে।

প্রধান চরিত্র মওলার ভূমিকায় অভিনয় করেছেন শ্যামল মওলা। তিনি বলেন, মওলার চরিত্র মানসিকভাবে বেশ চ্যালেঞ্জিং ছিল। প্রতিটি দৃশ্যে তার ভেতরের দ্বন্দ্ব, অপরাধবোধ এবং পাপের ভয় ফুটিয়ে তুলতে হয়েছে। দর্শকরাও রাজের মানসিক ভ্রমে জড়িয়ে পড়বেন, এটাই আমার অভিনয়ের লক্ষ্য।

এছাড়াও চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।

নির্মাতা জানিয়েছেন, শুটিং সম্পন্ন হওয়ার পর এখন পোস্ট-প্রোডাকশন পর্ব চলছে। সম্পাদনা ও শব্দ পরিকল্পনার মাধ্যমে চলচ্চিত্রটি আরও পরিপূর্ণ রূপ পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইত্তেফাক/এএইচপি