ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার শিয়ালদহ স্টেশনে পার্কিং এরিয়া থেকে মহসিন ও মামুনুর রশিদ নামে দুই বাংলাদেশি জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। পরে ঐ দুইজনের দেওয়া তথ্যের ভিত্তিতে হাওড়া স্টেশন থেকে আল-আমিন ওরফে শাহিন ও রবিউল নামে আরো দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে শাহিনের (২৩) বাড়ি রাজশাহীর গোদাগাড়ীতে। শাহীন গোদাগাড়ী পৌরসভার বুজরুক রাজারামপুর গ্রামের রিকশা চালক রফিকুল ইসলামের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
শাহিন গোদাগাড়ী স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও গোদাগাড়ী কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগে অনার্স ৩য় বর্ষের ছাত্র ছিলনে। স্থানীয়রা জানায়, ২০১৭ সালে বুজরুক রাজারামপুর গ্রামের আমিজুল ইসলাম রনি পুলিশের ওপর হামলা চালায়। পরে সে ‘???বন্দুকযুদ্ধে’ নিহত হয়। রনির ঘনিষ্ঠ ছিল শাহিন। শাহিনের মা বলেন, ২০১৮ সালের জুনে পুলিশ শাহিনকে আটক করতে বাড়িতে অভিযান চালায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। প্রায় একবছর পরিবারের সঙ্গে শাহিনের কোনো যোগাযোগ ছিল না। গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, শাহিনকে গ্রেফতার করতে পুলিশ কয়েকবার অভিযান চালিয়েছে। তবে তাকে পাওয়া যায়নি। কলকাতা পুলিশের এসটিএফের জয়েন্ট সিপি শুভঙ্কর সিংহ ভারতীয় গণমাধ্যমকে বলেন, গ্রেফতারকৃতরা আইএস অনুপ্রাণিত বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্য। বাংলাদেশে ব্যাপক অভিযানের কারণে তারা ভারতে পালিয়ে আসে। তারা ফের বাংলাদেশ পালানোর ছক কষছিল।