ভারতের অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান নিভৃতে থাকতে বেশি পছন্দ করেন। ভারতীয় চলচ্চিত্রের সংগীতকে আন্তর্জাতিক মহলে আরও বেশি জনপ্রিয় করে তোলার পেছনে এ আর রহমানের ভূমিকা অস্বীকার করার উপায় নেই। কিন্তু তার ব্যক্তিগতজীবন কেমন, তা নিয়ে খুব কমই জানা যায়। তবে এবার তিনি নিজেই জানালেন, তার কোন বন্ধু নেই।
দি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে এআর রহমান তার ব্যক্তিগত জীবন নিয়ে বলেছেন, সেই অর্থে তার কোনো বন্ধু নেই। যারা তার সঙ্গে কাজ করেন, তারাই তার বন্ধু। আলাদা করে আর কোনো বন্ধু নেই।
রহমানের কথায়, যিনি আমার গাড়ি চালান, তিনিই আমার সবচেয়ে কাছের বন্ধু। যারা আমার সঙ্গে কাজ করেন, তাদেরই আমি বন্ধু বলে মনে করি। তবে কাউকেই আমি বলতে পারি না, চিরকাল আমার সঙ্গে থেকে যেতে। আমি তাদের বলি-নিজের মতো জীবন কাটাতে, এগিয়ে যেতে। আর সে কারণেই এমন কেউ নেই, যাকে আমি আমার বন্ধু বলতে পারি।
এর পরেই রহমান বলেছেন, আমার নিঃসঙ্গতা, আমার একাকিত্ব, নির্জনতাই আমার বন্ধু।