রাস্তা ড্রেন ফুটপাত নির্মাণে চার হাজার কোটি টাকা বরাদ্দ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন জোনের প্রধান সংযোগ রাস্তাগুলো প্রশস্তকরণসহ নর্দমা ও ফুটপাত নির্মাণ প্রকল্পের জন্য ৩ হাজার ৮২৮ কোটি টাকা বরাদ্দ অনুমোদিত হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান।

মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলনকক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় অন্যান্য প্রকল্পের সঙ্গে গাজীপুর সিটি করপোরেশনের এ প্রকল্পটিও অনুমোদন দেওয়া হয়।

এ প্রকল্পের মধ্যে রয়েছে ৮৩ কিলোমিটার রাস্তা, ৯৫ কিলোমিটার ড্রেন এবং ৬০ ফুট করে প্রশস্ত রাস্তা নির্মাণ প্রভৃতি। এ প্রকল্পে কোনাবাড়ী, কাশিমপুর, বাসন, কাউলতিয়া, জয়দেবপুর, পূবাইল, গাছা ও টঙ্গীর আংশিক এলাকাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া গাজীপুরের কোনাবাড়ি এলাকায় অবস্থিত দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পুনর্নির্মাণের জন্য অপর একটি প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৮১ কোটি টাকা।

মেয়র আরো বলেন, দারিদ্র্য হ্রাসকরণ সরকারের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটি কৌশল। এ কৌশলের আওতায় পরিকল্পিত নগরায়ন এবং উন্নত নাগরিক সেবা প্রদান একটি উদ্দেশ্য। এ উদ্দেশ্যের সঙ্গে সম্পৃক্ত রেখে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। এ ছাড়া প্রকল্পটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গেও সম্পৃক্ত যা শহর ও নগর উন্নয়নের মাধ্যমে নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করবে। তিনি নগরীর উন্নয়নের কাজ চলাকালে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।