ঢাকায় ভুয়া কাগজে জামিন, রংপুরে গ্রেপ্তার ২

মামলার কাগজপত্র জাল করে প্রতারণার মাধ্যমে এক আসামির জামিন হাইকোর্ট থেকে নেওয়ার ব্যবস্থা করানোর অপরাধে আবুল হোসেন (৪০) নামের এক মুহুরিকে গ্রেপ্তার করেছে পিবিআই পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই রংপুরের পরিদর্শক (ইন্সপেক্টর) ফেরদৌস আহমেদ। 

আবুল হোসেন মুহুরি জেলার পীরগাছা উপজেলার রাজবল্লব গ্রামের মৃত আজগর আলীর ছেলে। দীর্ঘদিন থেকে গ্রেপ্তার এড়াতে পালিয়ে ছিলেন।

পুলিশ ব্যুরো অফ ইনভেসটিগেশন (পিবিআই) রংপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন জানিয়েছেন, রংপুরে নিম্ন আদালতের ও পুলিশের আদালতে গুরুতপূর্ণ প্রতিবেদনের আদেশ কপির স্বাক্ষর সিল জাল করে ভুয়া জামিন আদেশ তৈরি করে হাইকোর্ট থেকে কুখ্যাত অপরাধীদের জামিন প্রতারণার অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেসটিগেশন (পিবিআই)। এই দুজনসহ কয়েকজন দীর্ঘ ১৯১৭ সাল থেকে এ কাজ করছেন।  
     
পিবিআই রংপুরের পরিদর্শক (ইন্সপেক্টর) ফেরদৌস আহমেদ জানান, বুধবার (২৩ আগস্ট) ভোরে পীরগাছা উপজেলার ধনির বাজার থেকে আবুল হোসেন মুহুরিকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তার স্বীকারোক্তি ও তথ্য মতে অপর আসামি মোক্তার আলীকে একই উপজেলার সাতদরগা বাজার থেকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে আদালতের কাগজপত্র জালিয়াতির কাজে ব্যবহৃত কম্পিউটার, স্ক্যানার ও প্রিন্টার কাগজপত্রসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পিবিআই রংপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন জানান, জালিয়াতি চক্রের সদস্য মোক্তার হোসেনের সহায়তায় আবুল হোসেন মুহুরি দীর্ঘদিন এ ধরনের প্রতারণা করে আসছে।