ভারত -মার্কিন সম্পর্ক দৃঢ় করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গতকাল বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বৈঠকে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ছাড়াও সন্ত্রাসবাদ, এইচ-ওয়ান বি ভিসা, ইরান নীতি এবং রাশিয়া থেকে ভারতের ক্রয় করা এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেম নিয়ে আলোচনা হয়েছে। আগামী দিনে দুই দেশ একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে বল জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব রাবিশ কুমার। এরপর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠক করেন মাইক পম্পেও। পম্পেও বলেন, ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যেও মতপার্থক্য থাকে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভারতের বাজারে আরো প্রবেশাধিকার চায়। এস জয়শংকর বলেন, ভারত তার স্বার্থ রক্ষা করেই সবকিছু করবে। তিনি জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে গঠনমূলক আলোচনা হয়েছে। মঙ্গলবার রাতে দিল্লি এসে পৌঁছান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। -এনডিটিভি