সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। ফলে যমুনা অভ্যন্তরে চরাঞ্চল থেকে পানি নেমে যেতে শুরু করেছে। স্বস্তি ফিরছে প্লাবিত অঞ্চলের মানুষের মধ্যে। তবে একই সঙ্গে বিরাজ করছে ভাঙন আতঙ্ক। গতকাল বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ হার্ডপয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩১ মিটার, যা গত ২৪ ঘণ্টায় ৫ সেন্টিমিটার কমে বিপত্সীমার ৫৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
অন্য দিকে কাজীপুরের মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৯৪ মিটার, যা গত ২৪ ঘন্টায় ৪ সেন্টিমিটার কমে বিপত্সীমার ৮৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে নদীর পানি কমতে থাকায় বন্যাপ্লাবিত জেলার পাঁচটি উপজেলার যমুনা অভ্যন্তরের চরাঞ্চলের গ্রামগুলোতে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে। কাওয়াকোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়া মুন্সী জানান, যমুনায় বন্যার পানি বাড়ার এবং কমার সময় যমুনার পাড় এবং চরাঞ্চলে ভাঙন দেখা দেয়।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে যমুনা নদীর পানি বৃদ্ধিতে চরাঞ্চলের নিম্নভূমিগুলো প্লাবিত হয়েছিল, কিন্তু পানি কমতে থাকায় মানুষের মাঝে কিছুটাও হলে স্বস্তি ফিরে এসেছে।