বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর বৃহস্পতিবার প্রথম বারের মতো দলীয় অনুশীলনে যোগ দিয়েছেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এদিন বৃষ্টির বাধায় পূর্বনির্ধারিত সময়ে অনুশীলনে নামতে পারেনি বাংলাদেশ। তবে অনুশীলনে না নামলেও আসন্ন এশিয়া কাপের জন্য ঘোষিত স্কোয়াডের খেলোয়াড়দের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন এশিয়া কাপের বাইরে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকারসহ কোচিং প্যানেলের অনেকে।
গতকাল বাংলাদেশ দলের অনুশীলন শুরু হওয়ার কথা ছিল বেলা আড়াইটায়। এদিন ক্রিকেটাররা মাঠে আসতে শুরু করেন বেলা ১১টা থেকেই। তার কারণ হলো—দ্বিতীয় বারের মতো টাইগারদের ওয়ানডে ফরম্যাটে নেতৃত্ব পাওয়া অধিনায়ক সাকিব আল হাসান ক্রিকেটারদের নিয়ে বিশেষ এক বৈঠক ডেকেছিলেন। এছাড়া মিটিং ছাড়াও এদিন আসন্ন এশিয়া কাপের জন্য গত মাসের শেষ দিন থেকে করা অনুশীলনের পর্যালোচনা হয়েছে। এ প্রসঙ্গে দলের বিশেষ এক সূত্রের মাধ্যমে জানা গেছে, ‘এই বৈঠকে ক্রিকেটারদের এশিয়া কাপের জন্য গত মাসের শেষ দিন থেকে করা অনুশীলনের পর্যালোচনা হয়েছে। আলাদা আলাদা করে প্রতিটি খেলোয়াড়ের ভিডিওর মাধ্যমে ‘প্রোফাইল’ চেক করা হয়েছে। অধিনায়ক সাকিব ও কোচসহ সবাই উপস্থিত ছিলেন এখানে। ক্রিকেটারদের ভিডিও দেখে দেখে পর্যালোচনা করা হয়েছে। সব কিছু ঠিকভাবে চলছে কি না সেটিও দেখা হয়েছে। সবার উদ্দেশে বিভিন্ন বার্তা দেওয়া হয়েছে।’
এদিকে মিটিং শেষ করেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে মাঠে নামতে পারেননি টাইগাররা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকায় মাঠে অনুশীলন করতে অপেক্ষা করতে হয় তাদের। তবে তারা সময় কাটিয়েছে জিমে। বিকাল ৪টার পর বৃষ্টি থামলে এবং মাঠ অনুশীলনের উপযোগী বোঝার পর অনুশীলন শুরু করে সাকিব বাহিনী। তবে এদিনও দলের সঙ্গে মাঠে অনুশীলন করেননি তিনি।
তবে সাকিব না নামলেও অনুশীলনে ম্যাচের আবহে প্রস্তুতি নিয়েছে দল। যেখানে এশিয়া কাপের স্কোয়াডের বাইরের কয়েক জন ক্রিকেটারও ছিলেন। সৌম্য সরকারকেও দেখা গেছে মূল দলের ক্রিকেটারদের সঙ্গে অনুশীলনে। ওয়ার্ম আপের সময় স্পিনারদের সঙ্গে ছোট রান আপেও বল করতে দেখা যায় তাকে। শুরুতে স্পিনারদের নিয়ে আলাদা অনুশীলন করেছেন রঙ্গনা হেরাথ। এরপর ম্যাচ আবহে অনুশীলনে নামেন ক্রিকেটাররা। ততক্ষণে গণমাধ্যমকর্মীদের জন্য বন্ধ হয়ে যায় মিরপুরের দরজা।
আফগানিস্তান সিরিজের পর প্রথমে কানাডায় এরপর শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যোগ দেন এরপর যান দুবাই সফরে সব মিলিয়ে ৩৫ দিন দলের বাইরে ছিলেন তিনি। এর মধ্যে ঘটে গেছে দেশের ক্রিকেটে অনেক ঘটনা। ওয়ানডে অধিনায়কের দায়িত্ব থেকে তামিম ইকবাল সরে দাঁড়ানোর পর নতুন অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয় তার। সব কিছু শেষ করে গত সোমবার দেশে ফিরলেও সাকিব দলের সঙ্গে মিরপুরে চলমান এশিয়া কাপের যোগ দেন গতকাল। আগামীকাল এশিয়া কাপে যোগ দিতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল। এর আগে টাইগাররা মিরপুরে সারছেন শেষ মুহূর্তের প্রস্তুতি।