সাঈদীকে নিয়ে পোস্ট: সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের ৮ নেতা বহিষ্কার

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার এবার সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের আট নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন ও সাধারণ সম্পাদক সুমন রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

একই সঙ্গে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি বরাবর তালিকা পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

সংবাদ বিজ্ঞপ্তি

বহিষ্কারকৃত নেতারা হলেন চৌহালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উপশিক্ষা ও মানব সম্পদবিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন ও কৃষি বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার শিহাব ও দুর্গানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, সলঙ্গা থানার ধুবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাওন হাসান প্রান্ত, হাটিকুমরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুস সোবহান মৃধা ও সদস্য আমিনুল ইসলাম।

এর আগে, বুধবার (২৩ আগস্ট) রাতে একই অপরাধে সিরাজগঞ্জ ছাত্রলীগের ২১ নেতাকে বহিষ্কার করা হয়।