খাগড়াগড় বিস্ফোরণের ঘটনায় আরেকজন গ্রেফতার

ভারতের পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর খাগড়াগড় বিস্ফোরণ ঘটনার অন্যতম অভিযুক্ত হাবিবুর রহমান শেখকে গ্রেফতার করেছে দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। মঙ্গলবার কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর ডোডাবল্লাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঐ দিনই হাবিবুর রহমান শেখকে এনআইএর বিশেষ আদালতে তোলা হয়। বিচারক তাকে এনআইএর হেফাজতে রাখার নির্দেশ দেন। এর আগে হাবিবুরকে ধরার জন্য এনআইএ ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল।

২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড় এলাকার একটি বাড়িতে বোমা বিস্ফোরণে শাকিল গাজী ও করিম শেখ নামের দুই ব্যক্তি নিহত হন। আহত হন তিনজন। পশ্চিমবঙ্গের সিআইডি পুলিশ দাবি করে হতাহত ব্যক্তিরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। এ ঘটনার তদন্তভার নেয় এনআইএ। ঐ ঘটনার পর জানা যায় যে, বাড়িটি জেএমবির অস্ত্র কারখানা ছিল। সেখানেই তৈরি হতো গ্রেনেড ও বোমা এবং তা পাঠানো হতো বাংলাদেশে। এখন এই খাগড়াগড় বিস্ফোরণ মামলার বিচার চলছে কলকাতার বিশেষ নগর আদালতে। হাবিবুরকে নিয়ে এ মামলায় এখন পর্যন্ত ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। এখনো বাকি একজন।