ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞায়ও ইরানিদের অবস্থানের পরিবর্তন হবে না। তিনি বর্তমান ট্রাম্প প্রশাসনকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে অশুভ সরকার বলেও অভিহিত করেন। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চাই না। তবে যুক্তরাষ্ট্র ভুল পথে হাঁটছে বলে তিনি উল্লেখ করেন। খবর আল জাজিরার
খামেনির ওয়েবসাইটে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘৃণিত প্রশাসন ইরানের বিরুদ্ধে অভিযোগ এবং বিদ্রুপ করছে। এ ধরনের বিদ্রুপের পরও ইরান তার অবস্থানের কোনো পরিবর্তন করবে না। উল্লেখ্য, খামেনির ওপর গত সোমবার নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্র ভুল পথে পরিচালিত হচ্ছে উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চাই না। তিনি অভিযোগ করেন, ইউরোপ ২০১৫ সালের চুক্তি রক্ষায় যথার্থ পদক্ষেপ নিতে পারেনি। অথচ এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্র এবং ইইউ উভয়ই লাভবান হতো। তেহরানের আনবিক সংস্থার মুখপাত্র জানিয়েছেন, চুক্তি রক্ষায় ইউরোপীয় ইউনিয়নকে দেওয়া আল্টিমেটাম বৃহস্পতিবার শেষ হচ্ছে। এরপরই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বৃদ্ধি করা হবে। গতকালই ইরানের প্রভাবশালী রেভ্যুলিউশনারি গার্ডের বিমান বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমিরালি হাজিজাদেহ বলেছেন, ইরানের মাটি স্পর্শ করার সাহস যেন যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো দেশের না হয়।