আসন্ন এশিয়া কাপে টাইগারদের নিয়ে বড় আশা সমর্থকদের। সবশেষ কয়েকটি সিরিজে দারুণ ছন্দেও রয়েছে দল। তাই আশা করাই যায় বাংলাদেশ দল এবার বিশেষ অর্জন নিয়েই আসবে। তবে বাংলাদেশ দলের সাবেক পেসার তাপস বৈশ্য এমনটি দেখছেন না। উল্টো এশিয়া কাপে অংশগ্রহণ করা অন্য দলগুলোর তুলনায় নিজেদের অনেক দুর্বল মনে করছেন তিনি।
আসন্ন এশিয়া কাপ প্রসঙ্গে গত পরশু নিজের ফেসবুক পেইজে একটি ভিডিও বার্তায় তাপস বলেন, এশিয়া কাপ নিয়ে আমরা কী ভাবছি? আমাদের কি মনে হচ্ছে এশিয়া কাপে গিয়ে বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন হয়ে যাবে? আমি যখন কথা বলি, আমার জায়গা থেকে বাস্তবতা বলার চেষ্টা করি। মানুষ হিসেবে অবশ্যই আমি ইতিবাচক কথা বলব। কিন্তু ইতিবাচক কথাটা অবাস্তব বললে তো হবে না। আমি যদি এখন চিন্তা করি পাখি হয়ে উড়াল দিয়ে দেব, উড়াল দিয়ে তো যেতে পারব না। ঐ ধরনের ইতিবাচক কথা বলে তো লাভ নেই।’
‘এশিয়া কাপে আমাদের দল অন্য দলগুলোর তুলনায় অনেক দুর্বল। আপনি বাংলাদেশ দলের একটি ম্যাচের মুহূর্ত চিন্তা করেন যেখানে তিন ওভারে ৪০ রান দরকার। উইকেট পাঁচটা পড়ে গেছে। ওয়ান টু মুশফিক আউট তিন ওভারে ৪০ দেখান কে করবে? আমাদের ঐ শক্তি নাই। এশিয়া কাপ ৫০ ওভারের খেলা। এই ফরম্যাটটায় আমরা ভালো খেলি। কিন্তু আমরা বেশি ভালো খেলি মিরপুরে, এটাই সমস্যা। সেখানে আমরা এত ভালো খেলি কিন্তু এই ক্রিকেটটা আমরা অন্য কোথাও খেলতে পারি না। মিরপুরে আপনি কখনো দেখবেন না আমরা ৩৩০-৩৪০ করে ফেলেছি বা প্রতিপক্ষ ৩২০ করে ফেলেছে সেটি আমরা তাড়া করেছি। কিন্তু শ্রীলঙ্কায় রান হবে। সেখানে ৩০০, ৩৫০ রান হবে’ তিনি আরও যোগ করেন। এদিকে আসন্ন এশিয়া কাপের ফেভারিট হিসেবে সাবেক এ পেসার স্বাগতিক দুই দেশ শ্রীলঙ্কা এবং পাকিস্তানকেই দেখছেন। এ বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘খেলাটা এত গরম এত ড্রাই অবস্থায় হবে বোলারদের জন্য কিছুই থাকবে না। এই আসরে ফেভারিট শ্রীলঙ্কা এবং পাকিস্তান। আমার মতে এই দুই দলই ফাইনাল খেলবে।’
এ সময় বাংলাদেশ দলের দুর্বলতার জায়গাও জানিয়ে দেন তিনি। বলেন, ‘আমাদের টিম একটু সময় লাগবে। আমাদের অনেক দুর্বলতা আছে। দলের একটা জায়গা এখনো হয়নি। ৬,৭,৮ এই তিনটা জায়গার ব্যাটিং দরকার। নিচের ৯,১০,১১ এই তিন জায়গারও ব্যাটিং করতে হবে, তারা যদি ব্যাটিং করতে না পারে তাহলে কঠিন। খেলার যে কোনো মুহূর্তে এমন হতে পারে যে ব্যাটিং করছে ৯,১০,১১ তম ব্যাটার দরকার ১৫ রান করতে হবে তো। কিন্তু এই মুহূর্তে দেখছি না। তারপরও দলের প্রতি শুভকামনা রইল। আমি চাই আমাকে ভুল প্রমাণ করে দল ফাইনাল খেলুক।’
বাংলাদেশ জাতীয় দলের হয়ে তাপস বৈশ্যের ক্যারিয়ার মাত্র ৫ বছরের। এ সময় তিনি খেলেছেন ওয়ানডে এবং টেস্ট ফরম্যাটে। ২০০২ সালের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ফরম্যাটের মধ্য দিয়ে টাইগারদের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় তার। একই বছর আগস্টে ওয়ানডে ফরম্যাটেও অভিষেক ঘটে তাপস বৈশ্যের। এর মধ্যে টেস্ট ফরম্যাটে ২১ ম্যাচে ২৯ ইনিংস খেলে ডানহাতি এ পেসার শিকার করেছেন ৩৬ উইকেট। এছাড়া ওয়ানডেতে টাইগারদের হয়ে ৫৬ ম্যাচে হাত ঘুড়িয়ে শিকার করেছেন ৫৯ উইকেট। সবশেষ তাকে দলের হয়ে ২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে দেখা গিয়েছিল।