আইওএমের ডিডিজি পদে আবারও নির্বাচন হবে

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উপ-মহাপরিচালক (ডিডিজি) পদে আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও এই পদের নির্বাচনী প্রক্রিয়ায় সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম অবস্থানে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক। আইওএমের নির্বাচনী বিধি অনুযায়ী তাকে নির্বাচিত করা হয়নি।

গতকাল বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইওএমের ‘কন্সটিটিউশন এবং রুলস অব প্রসিডিউর’ আওতায় ডিডিজি নির্বাচনে ব্যর্থ হয়েছে সদস্য রাষ্ট্রগুলো। এর আগে ২১ জুন পাঁচ দফার ভোটাভুটিতে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক সর্বোচ্চ ৭৫ ভোট পান। এরপর গতকাল বুধবার অনুষ্ঠিত  হ্যাঁ ও না ভোটে পররাষ্ট্র সচিব পেয়েছেন ৮৬ ভোট। নির্বাচনে মোট ১৪৪ সদস্য ভোট দিয়েছেন এবং এর মধ্যে ভোট পড়েছে ১৪৩টি। ডিডিজি পদে বিজয়ী হতে মোট দুই-তৃতীয়াংশ বা ৯৬ হ্যাঁ ভোটের দরকার; কিন্তু শহীদুল হক পেয়েছেন ৮৬ ভোট। এ কারণে ডিডিজি পদে নির্বাচনের জন্য আগামী বছর আবারও নতুন করে ভোটাভুটি হবে। সময়সূচি পরবর্তীতে ঘোষণা করা হবে।