সাকিব ইজ দ্য ড্যাডি অব অলরাউন্ডার: আকাশ চোপড়া 

বর্তমানে বিশ্ব ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে যার নাম সবার আগে আসবে তিনি হচ্ছেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। বর্তমানে আইসিসি র‍্যাংকিংয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নাম্বার ওয়ান অলরাউন্ডার তিনি। ব্যাট ও বল হাতে মুন্সিয়ানা দেখিয়ে বিশ্বের নামীদামি ক্রিকেটারদের মন জয় করেছেন সাকিব। তাদের মধ্যে অন্যতম ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া।

আকাশ চোপরার ক্রিকেট ক্যারিয়ারটা খুব ভাল ছিল না। তবে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রায়ই ক্রিকেটের বিভিন্ন ইস্যুতে কথা বলেন সাবেক এই ওপেনার। তার সবশেষ পর্বের আলোচনার বিষয় ছিল অলরাউন্ডার। আর সেখানেই সাকিবকে নিয়ে আকাশ চোপড়ার মন্তব্য, সাকিব অলরাউন্ডারদের ‘বাবা’!

মূলত আকাশ চোপড়ার ভিডিও তৈরি হয়েছিল বিশ্বকাপের আলোচিত অলরাউন্ডারদের কথা মাথায় রেখে। ক্রিস ওকস, মিচেল মার্শ, শাদাব খানদের পাশাপাশি উঠে এসেছে বাংলাদেশের সাকিবের নামটাও। আর তখনই সাকিবের প্রশংসায় আকাশে মন্তব্য করেন, ‘সাকিব ইজ দ্য ড্যাডি অব অলরাউন্ডার’ (সাকিব অলরাউন্ডারদের বাবা)।