বঙ্গবন্ধুকে নিয়ে ‘কটূক্তি’, ভূমি কর্মকর্তা বরখাস্ত

সিরাজগঞ্জে সাঈদীকে জড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের অভিযোগে এক উপ-সহকারী ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) জেলা প্রশাসক এ সংক্রান্ত চিঠি উপজেলা ভূমি কর্মকর্তাকে পাঠিয়েছেন। 

বরখাস্ত হওয়া ভূমি কর্মকর্তার নাম নজরুল ইসলাম। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত।

রোববার (২৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর উপজেলা ভূমি কর্মকর্তা এসএম রাকিবুল হাসান। তিনি বলেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের নির্দেশে গত বৃহস্পতিবার তাকে বরখাস্ত করা হয়। শনিবার (২৬ আগস্ট) বরখাস্তের আদেশপত্র হাতে পেয়েছি। নজরুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।