জাতীয় কবির সমাধিতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার (২৭ আগস্ট) সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার আয়োজন করে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ।

এরপর কবির সমাধি প্রাঙ্গণে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও কবি কাজী নজরুল ইসলাম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক লীগ এর সভাপতি এম এ জলিল, বঙ্গবন্ধু কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি আব্দুল হক চাষী, সংগঠনের সদস্য ফারুক আহমেদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে লায়ন মো. গনি মিয়া বাবুল বলেন, বঙ্গবন্ধুর সঙ্গে কবি কাজী নজরুল ইসলামের যথেষ্ট মিল রয়েছে। বঙ্গবন্ধু রাজনৈতিক কবি ছিলেন, তিনি রাজনীতির মাধ্যমে এবং কাজী নজরুল ইসলাম কবিতা, গান, প্রবন্ধের মাধ্যমে বাঙালির জীবন-সংগ্রাম ও স্বাধীনতা সংগ্রামে প্রেরণা হিসেবে কাজ করেছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুজনেই অসাম্প্রদায়িক চেতনার ধারক বাহক ছিলেন। 

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ও কবি কাজী নজরুল ইসলাম উভয়েই বাঙালি জাতির প্রেরণা ও শক্তির উৎস। বঙ্গবন্ধু ও কবি কাজী নজরুল ইসলাম শোষিত, বঞ্চিত ও অবহেলিত মানুষের কল্যাণে আজীবন নিয়োজিত ছিলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মানবিক গুণাবলীতে উজ্জীবিত একজন পরিশুদ্ধ মানুষ ছিলেন। শিক্ষার্থীসহ নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে ও জাতীয় কবির অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তুলতে হবে।