রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ২ জনের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর পৃথক দুটি স্থান থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্র এবং এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ আগস্ট) দিবাগত রাতে লাশ দুটি উদ্ধার করে সংশ্লিষ্ট থানা পুলিশ। 

জানা যায়, রাতে তেজগাঁওয়ের তেজতুরি বাজারের একটি বাড়ির চারতলায় থাকা মেস থেকে অনিক নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। অনিক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় মাস্টার্সের ছাত্র ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান জানান, অনিকের বাড়ি বরিশাল। প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে, বাবার সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন। তবুও মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অন্যদিকে, যাত্রাবাড়ীর সনটেক ঈসাখাঁ রোড এলাকার একটি ছয়তলা ভবনের লোহার দরজা ভেঙে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মিতু আক্তার (২৭)।

যাত্রাবাড়ী থানার এসআই মো. আনাস উদ্দিন বলেন, রাতে ঈসাখাঁ রোডের একটি ভবনের ৬ তলার লোহার দরজা ভেঙে মিতুর লাশ উদ্ধার করা হয়। তার গলায় ফাঁস লাগানো ছিল। মিতুর বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। যে বাসায় লাশ পাওয়া গেছে, মিতু সেখানেই বসবাস করতেন। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর সন্তানকে নিয়ে থাকতেন তিনি। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।