২৪ ঘণ্টা পরও সুনামগঞ্জের তাহিরপুরের মাটিয়ান হাওরে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ দুই যুবকের সন্ধান মিলেনি। রোববার (২৭ আগস্ট) সন্ধার দিকে মাটিয়ান হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে নিখোঁজ হোন দুই যুবক। এমন দুর্ঘটনায় তাদের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিখোঁজ যুবকরা হলেন উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের ছিলানী তাহিরপুর গ্রামের আবুল ফয়েজ (৪০) এবং একই গ্রামের শাহ আলম (৪১)।
রোববার সন্ধায় বৈরী আবহাওয়ার মধ্যে উদ্ধার অভিযান চালাতে না পারলেও সোমবার (২৮ আগস্ট) সকাল থেকে পরিবারের লোকজন ও পুলিশ মাটিয়ান হাওরে উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ দুই যুবকের সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ আবুল ফয়েজের ভাগনা এসআই বাপ্পি এবং ভাতিজা আরিফুজ্জামান আরিফ জানান, রোববার (২৭ আগস্ট) সন্ধ্যা দিকে তাহিরপুর সদর বাজার থেকে ইঞ্জিনবাহী একটি ছোট কাঠবডি নৌকা যোগে আবুল ফয়েজ এবং শাহ আলম বাড়িতে ফিরছিলেন। এ সময় হাওরে হঠাৎ চারদিক অন্ধকার হয়ে ঝড় শুরু হয় এবং হাওরে বড় বড় ঢেউ উঠে। ঝড়ের সময় তাদের মোবাইল ফোন সচল ছিল। কিন্তু কিছুক্ষণ পরেই তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকেই তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না।
পরিবারের লোকজনের ধারণা, মাটিয়ান হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে তারা নৌকাসহ নিখোঁজ হয়েছেন। ঝড় কিছুটা কমার পর বৈরী আবহাওয়ার মধ্যেই পরিবারের লোকজন নৌকা নিয়ে খুঁজাখুঁজি করে তাদের আর সন্ধান পাননি।
তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, মাটিয়ান হাওরে নিখোঁজ দুই যুবকের সন্ধান পাওয়া যায়নি। পরিবারের পাশাপাশি পুলিশও তাদের সন্ধানের চেষ্টা করছে।