সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চারদিন চিকিত্সা শেষে জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ শুক্রবার রাত পৌণে নয়টার দিকে রাজধানীর বারিধারায় ‘প্রেসিডেন্ট পার্ক’-এ নিজ বাসায় ফিরেছেন। বাসায় ফেরার আগে হাসপাতালে গিয়ে তার সঙ্গে কথা বলেছেন সহোদর ও জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের এবং দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। তবে বাসায় ফেরার পর গতকাল শনিবার দিনে বা রাতে কেউ তার সঙ্গে দেখা করেননি। পরিবার বা দলের কেউ তাকে দেখতে যাননি। এরশাদের বাসার সূত্রে জানা গেছে, এরশাদের সঙ্গে বাসায় পুত্র এরিক আছে।
জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার গতকাল নির্বাচন কমিশনে গিয়ে সাংবাদিকদের বলেছেন, এরশাদ বাসাতেই রয়েছেন। চিকিত্সার জন্য তিনি সিঙ্গাপুর যাচ্ছেন না। কিছুটা অসুস্থ হলেও এরশাদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদও ইত্তেফাককে জানান, এরশাদ সিঙ্গাপুর যাচ্ছেন না।