স্বল্প সময়ে মানানসই মেকআপ

সবসময় নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে কে না চায়? কিন্তু এত ব্যস্ততার মাঝে আমাদের সময় কোথায়? সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে অফিস অথবা বিশ্ববিদ্যালয়ে চলে যেতে হয়। আয়নায় মুখটাকে যখন একদম সাদাসিধে অবস্থায় দেখেন তখন মনে মনে ভাবেন—ইশ যদি একটু সময় পেতাম, তাহলে একটু সেজেগুজে যাওয়া যেত। হয়তো আপনার হাতে সময় অনেক কম, আর সেক্ষেত্রে যদি আপনি চোখ সাজাতে চান তাহলে অনেক কিছু লাগবে।

আর যদি সুন্দরভাবে এই জিনিসগুলো লাগানো না হয় তাহলে এত পরিশ্রম বৃথা হয়ে যাবে। তাই অনেক সময়ই সময়ের স্বল্পতার কথা চিন্তা করে এই পরিকল্পনা বাদ দিয়ে দেন। কিন্তু যদি বলা হয় যে, আপনার মেকআপ সামগ্রীর কিছু জিনিস পরিবর্তন করে আপনি সময় স্বল্পতার মাঝেও সুন্দর পরিপাটি হয়ে বাইরে যেতে পারবেন, তাহলে নিশ্চয়ই আপনার ভালো লাগবে। অল্প সময়ে পরিপাটি মেকআপ নিয়ে লিখেছেন ফারজানা ইয়াসমিন। 

আপনি চাইলে অল্প সময়েও নিজেকে সাজিয়ে নিতে পারেন। যদি হাতে সময় কম থাকে তাহলে ঠোঁটের সাজের ক্ষেত্রে লিপস্টিক, লিপলাইনার, প্রাইমার ইত্যাদি না লাগিয়ে সরাসরি লিপগ্লস ব্যবহার করতে পারেন। আজকাল বাজারে বিভিন্ন রঙের গ্লিটার যুক্ত অথবা প্লেইন লিপগ্লস, লিপআইস পাওয়া যায়। এটি যেমন লাগানো অনেক সহজ, তেমনি এটি ঠোঁটে অনেকক্ষণ থাকে। মেকআপের সব জিনিসপত্র কখনো এক জায়গায় রাখবেন না। ভারী সাজের জন্য যেগুলো প্রয়োজন, সেগুলো একটা বাক্সে আলাদা করে রাখুন। আর প্রতিদিনের ব্যবহারের জিনিসগুলো হাতের কাছে রাখুন। এতে করে প্রতিদিন বাইরে যাওয়ার আগে আপনাকে সেগুলো খুঁজে খুঁজে সময় নষ্ট করতে হবে না।

মেকআপ

পাউডার অথবা মেকআপ লাগানোর জন্য বড় ব্রাশ ব্যবহার করুন। কারণ এটা দিয়ে খুব তাড়াতাড়ি মেকআপ লাগানো যায় এবং বড় ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে অনেক সুবিধা।

যদি আপনি চোখে আইলাইনার লাগাতে চান, তাহলে পেন্সিল লাইনার ব্যবহার করুন। কারণ এটি ব্যবহার করতে অনেক সুবিধা। এছাড়া সবচেয়ে ভালো হয় যদি আইলাইনার ব্যবহার না করে পেন্সিল কাজল ব্যবহার করেন। কারণ তাহলে চোখ শুকানোর জন্য অপেক্ষা করতে হবে না। শুধু চোখের ওপর একটানে কাজল এঁকে নিলেই হবে। পর্যাপ্ত সময় না থাকলে আইলাইনারের পরিবর্তে মাশকারা ব্যবহার করতে পারেন। মাশকারা চোখের নিচের দিক থেকে উপরের দিকে কার্ল করে কয়েকবার টেনে নিন। এতে করে আপনার চোখের পাতা ভারী দেখাবে।

বাইরে বের হওয়ার সময় ফেস পাউডার ব্যবহারের পরিবর্তে ক্রিম ফাউন্ডেশন অথবা বিউটি ক্রিম ব্যবহার করতে পারেন। কারণ এটি ব্লেন্ড করতে অনেক সুবিধা এবং সময়ও অনেক কম লাগে।

সময় কম থাকলে কখনো আপনার মুখে নতুন কোনো রং অথবা প্রোডাক্ট ব্যবহার করবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। তাই এমন ধরনের প্রোডাক্ট ও রং ব্যবহার করুন যার সাথে আপনি আগে থেকেই পরিচিত। কম সময়ের মধ্যে একটু হালকা মেকআপ করে বের হলে দেখবেন আপনার নিজেরই ভালো লাগছে। কিছুদিন চেষ্টা করলে অতি সহজেই সাজগোজের এই খুঁটিনাটি ব্যাপার জানা হয়ে যাবে।