সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে ২৬৬টি মামলা নিষ্পত্তি করেছেন বিচারপতি এম. ইনায়েতুর রহিম।
বুধবার (৩০ আগস্ট) চেম্বার আদালতের দৈনন্দিন কার্যতালিকায় থাকা এসব মামলা মাত্র সাড়ে তিন ঘণ্টায় নিষ্পত্তির আদেশ দেন তিনি।
আইনজীবীরা জানিয়েছেন, চেম্বার আদালতে এক কার্যদিবসে এই পরিমাণ মামলা নিষ্পত্তি করে বিচারপতি ইনায়েতুর রহিম নজির সৃষ্টি করেছেন। এ ধরনের নজির বিচার বিভাগের মামলা নিষ্পত্তিতে গতিশীলতা আনয়ন করবে।
এ প্রসঙ্গে রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন বলেন, একজন কর্মঠ বিচারকের একটা প্রকৃত উদাহরণ এটি। অন্যরা এর থেকে অনুপ্রাণিত হবেন এটাই প্রত্যাশা থাকবে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও এটি উদাহরণ হয়ে থাকবে, কীভাবে মামলার জট কমাতে এভাবে কাজ করা যায়। চেম্বার বিচারপতি একটি অসাধারণ কাজ করেছেন।
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম বলেন, এটা একটার প্রশংসনীয় উদ্যোগ। এই উদ্যোগের ফলে আমাদের বিচার বিভাগে কর্মচাঞ্চল্য দেখা দিবে। এছাড়া মামলার জট হ্রাসের পাশাপাশি বিচারিক কাজে গতিশীলতা বাড়বে।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান জানান, একদিনে চেম্বার আদালতে ২৬৬ মামলার নিষ্পত্তি হয়েছে। আমার জানামতে চেম্বার আদালতে এর আগে এত মামলা একসঙ্গে নিষ্পত্তি হওয়ার রেকর্ড নেই। এটি প্রশংসনীয়।
আপিল বিভাগের চেম্বার আদালতের বুধবারের দৈনন্দিন কার্যতালিকায় ২৬৬টি মামলা অন্তর্ভুক্ত ছিলো। এসব মামলার মধ্যে রয়েছে ক্রিমিনাল ও সিভিল মামলা। এসব মামলার পক্ষগণের কৌসুলিরা তাদের আবেদন শুনানির জন্য উত্থাপন করেন। শুনানি নিয়ে কোন মামলায় স্থগিতাদেশ, কোন মামলায় স্থিতাবস্থা, কোন মামলায় নো অর্ডার দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি ইনায়েতুর রহিম। এভাবে বেলা আড়াইটা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এসব মামলার উপর শুনানি নিয়ে আদেশ দেন তিনি। এর আগে চেম্বার আদালতের দায়িত্ব পালনকালে এক কার্যদিবসে ২০৮ মামলার উপর শুনানি নিয়ে নিষ্পত্তি করেন বিচারপতি ইনায়েতুর রহিম।
প্রসঙ্গত হাইকোর্টের বিচারক হিসাবে দায়িত্ব পালনকালে একদিনে এক হাজারের অধিক মামলা নিষ্পত্তি করে নজির সৃষ্টি করেছিলেন বিচারপতি ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। ওই বেঞ্চের নজির অনুসরন করে হাইকোর্টের বেশ কয়েকটি বেঞ্চের বিচারপতিরা পরবর্তীকালে একহাজারের অধিক মামলা নিষ্পত্তি করে নজির সৃষ্টি করেন।