আজকের মধ্যে আয়কর রিটার্ন জমা দিতে না পারলে জরিমানা

গত ৩০ নভেম্বর শুক্রবার দেশব্যাপী আয়কর দিবস ছিলো ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন। ছুটির দিন হওয়া সত্বেও ওইদিন রিটার্ন নেওয়া হয়েছে। তবে এনবিআরের এ সংক্রান্ত নিদের্শনা হলো, আয়কর দিবস ছুটির দিনে অনুষ্ঠিত হলে পরবর্তী অফিস খোলার দিন জরিমানা ছাড়া আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। সেই হিসেবে আজ রবিবার স্বাভাবিক নিয়মে রিটার্ন জমা দেওয়া যাবে। তবে আজকের মধ্যে রিটার্ন জমা দিতে ব্যর্থ হলে পরবর্তী সময়ের সূদ ও ক্ষেত্রবিশেষে জরিমানা গুণতে হবে।

উপযুক্ত কারন দেখিয়ে এই সময়ের মধ্যে উপ কর কমিশনারের কাছে সময়ের আবেদন করা যায়। উপ কর কমিশনার প্রথম দফায় দুই মাস পর্যন্ত সময় বাড়াতে পারেন। তবে ওই সময়ের মধ্যেও রিটার্ন জমা দেওয়া না গেলে ফের আবেদনের পরিপ্রেক্ষিতে উপ কর কমিশনার ঊর্দ্ধতন কর্মকর্তাদের অনুমতিক্রমে আরো দুই মাস সময় বাড়াতে পারেন।