খুলনায় মিষ্টি প্রস্তুতকারকদের জন্য নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধিবিষয়ক প্রশিক্ষণ

খুলনায় মিষ্টি প্রস্তুতকারকদের জন্য নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধিবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দিনব্যাপী নগরীর একটি অভিজাত হোটেলে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আব্দুল কাইউম সরকার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিনিয়ত অনিরাপদ খাবার খেয়ে অসংখ্য মানুষ নানা ধরনের খাদ্যবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। এমনকি অনেকে মারাও যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর ৪ লাখ ২০ হাজার মানুষ খাদ্যবাহিত রোগে আক্রান্ত হয়ে মারা যায়। ফলে অনাকাক্সিক্ষত মৃত্যু ও রোগ প্রতিরোধে প্রত্যেকের সচেতন হতে হবে। এজন্য খাদ্য স্থাপনার ম্যানেজার, মালিক এবং খাদ্যকর্মীদের নিরাপদ খাদ্য সম্পর্কিত মৌলিক বিষয়বস্তুর ওপর প্রশিক্ষণ দেওয়া ও সহায়তা করা অত্যন্ত জরুরি। এছাড়া খাদ্য স্থাপনায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে খাদ্যকর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, খাদ্য বিপত্তি, পারস্পরিক দূষণ, এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা প্রয়োজন। 

প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। বক্তৃতা  করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোকলেছুর রহমান এবং জাইকার এসটিআইআরসি প্রকল্পের সমন্বয়কারী আসুকা ইয়াসুকা।

প্রশিক্ষণে এসটিআইআরসি প্রকল্পের কর্মকর্তাগণ বিভিন্ন মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে আগত প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এ প্রশিক্ষণের অন্তর্ভুক্ত বিষয় ছিল মিষ্টি প্রস্তুতকরণে নিরাপদ খাদ্যবিষয়ক মৌলিক স্বাস্থবিধি, উত্তম চর্চা এবং হাত ধোয়ার পদ্ধতি। মিষ্টি প্রস্তুতকরণ প্রতিষ্ঠানের মালিক, ব্যবস্থাপকগণ প্রশিক্ষণে অর্জিত জ্ঞান তাদের নিজ নিজ খাদ্য স্থাপনার কর্মীদের প্রদান করবেন। প্রশিক্ষণ পর্ব পরিচালনা করেন প্রকল্পের ফুড সেফটি কনসালটেন্টগণ এবং নিরাপদ খাদ্য কর্মকর্তা, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, কুমিল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের ফুড সেফটি কনসাল্টেন্ট চিন্ময় সরকার।