কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে জেলার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের জালগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার জালগাঁও গ্রামে হাসান আলীর ছেলে আবদুস সাত্তার ও জামাল হোসেনের ছেলে খোরশেদ আলম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বিরোধপূর্ণ জমি নিয়ে আবদুস সাত্তার ও তার প্রতিবেশী খোরশেদ আলমের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে একাধিক মামলাও চলমান আছে। শুক্রবার সকালে আবদুস সাত্তার ওই জমিতে ধান চাষ করতে গেলে খোরশেদ আলম ও তার ভাইয়েরা এসে বাঁধা দেয়। এ সময় উভয় পরিবারের লোকজনের হাতাহাতির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত হয় খোরশেদ আলম। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে মারা যায়।
আবু তাহের একজন জানান, খোরশেদ আলমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার লোকজন সাত্তারের ওপর হামলা চালায়। এ সময় তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভবানীপুর ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান বলেন, জমি নিয়ে দুই পক্ষের বিরোধ দীর্ঘ দিনের। এ নিয়ে বেশ কয়েকবার সালিশ বৈঠক হলেও বিরোধ শেষ হয়নি।
বরুড়া থানার ওসি মো. ফিরোজ হোসেন বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের আটক করতে অভিযান অব্যাহত আছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি বলে ওসি জানান।