বর্তমান সময়ের অন্যতম সেরা দুই ভারতের ব্যাটার বিরাট কোহলি ও পাকিস্তানের বাবর আজম। এই দুই ব্যাটারের মধ্যে কে সেরা, তা নিয়ে তর্কে মাতেন দুই দেশের সমর্থকরা। তবে মাঠের বাইরে এই দুই ব্যাটারের সম্পর্ক বেশ মধুর। প্রশংসায় ভাসান একে অপরকে। এবার কোহলির প্রশংসা করেছেন বাবর।
আর কিছুক্ষণ পর এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এই লড়াইয়ে মাঠে নামবেন কোহলি-বাবরও। তবে মাঠের লড়াইয়ের বাইরে যে তাদের সম্পর্কটা অন্যরকম সেটা জানাতে ভুলেন নাই পাকিস্তান অধিনায়ক। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কোহলি প্রসঙ্গ উঠতে তিনি বলেন, 'বিতর্কটা ভক্তদের মধ্যে ছেড়ে দেন। আমি তা নিয়ে মন্তব্য করতে চাই না। প্রত্যেকেরই নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। অবশ্যই এখানে পারস্পারিক শ্রদ্ধা আছে। উনি আমার বড়, আমাদের বড়দের নিয়ে আলাদা সম্মান থাকে, তিনি যে দেশেরই হোন না কেন।'
তিনি আরও বলেন, 'আমি উনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমি যখন ক্যারিয়ার শুরু করলাম, উনার অনেক সাক্ষাৎকার দেখেছি। ২০১৯ সালে উনার সঙ্গে কথা বললাম, যা আমাকে অনেক সাহায্য করেছে। আমি এটা নিয়ে বিস্তারিত বলছি না। শুধু ভারত না প্রত্যেক দেশের খেলোয়াড়দের মধ্যেই পারস্পারিক বোঝাপড়া, শ্রদ্ধা আছে।'
কোহলিরও বাবরের প্রতি একই সম্মান শ্রদ্ধা দেখিয়াছেন। কয়েকদিন আগে স্টার স্পোর্টসের এক আলোচনায় বাবরের প্রশংসা করে তিনি বলেছিলেন, 'একদম প্রথম দিন থেকে আমি তাকে শ্রদ্ধা করি। যেটা এখনো বদলায়নি। সম্ভবত সব সংস্করণ মিলিয়ে সে এখন বিশ্বের সেরা ব্যাটার। তার খেলা আমি উপভোগ করি। সে নিজের মত খেলে। মানুষকে অনুপ্রাণিত করতে সে অনেক দূর যাবে।'