পুকুরের গোসলে নেমে খালা-ভাগিনার মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে পুকুরে গোসল করেতে নেমে খালা-ভাগিনার মৃত্যু হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার দেউপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো উপজেলার দেউপুর এলাকার মানিকের মেয়ে জান্নাতি (১১) ও একই এলাকার সাইদুর রহমান স্বপন তালুকদারের মেয়ে সাদিয়া আক্তার জিম (৮)।

মৃত সাদিয়ার মামা জাকারিয়া বলেন, সকালে তারা বাড়ির পাশেই খেলাধূলা করা শেষে গোসল করতে পুকুরে নেমেছিল। সাঁতার না জানায় একপর্যায়ে জান্নাতি ও সাদিয়া দুজনই পানিতে ডুবে যায়। তাদের সঙ্গে থাকা আরেক শিশু এ খবর দিলে স্থানীয়দের সহযোগিতায় দুই শিশুকে  উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভুঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম রুপক বলেন, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

ভুঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হোসেন বলেন, দুই শিশুর লাশ হাসপাতালে ছিল। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।