কেরিয়ারের শুরু বাংলা সিনেমার মাধ্যমে হলেও বহুদিন বাংলার সাথে কোনও সম্পর্ক ছিল না বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুরের। তবে এবার বাংলার মেয়ে ফিরছেন বাংলাতেই। দীর্ঘ ১৪ বছর পর আবারও বাংলা সিনেমায় অভিনয় করতে চলেছেন নবাব গিন্নি। সুমন ঘোষ পরিচালিত ‘পুরাতন’ শিরোনামের এই সিনেমার প্রযোজনায় থাকবেন টালিউড তারকা ঋতুপর্ণা সেনগুপ্ত।
দি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ২০০৯ সালে বাংলা সিনেমা ‘অন্তহীন’–এ অভিনয়ের বহুদিন পরে এবার শর্মিলা ঠাকুরকে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তের প্রযোজনায় ‘পুরাতন’ সিনেমায়। গত শুক্রবার শহরের এক পাঁচতারা হোটেলে এই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা হয়।
সিনেমা প্রসঙ্গে শর্মিলা ঠাকুর বলেন, ‘বাংলা সিনেমার প্রস্তাব যখনই আসে ভালো লাগে। ১৪ বছর পর বাংলা সিনেমা করছি ঋতুর হাত ধরে। এই সিনেমার গল্প আমায় নাড়িয়ে দেয়। সুমন যখন আমায় চিত্রনাট্য শোনান, সেটা শোনার পরই আমার মনে হয়েছিল এই সিনেমা আমার করা উচিত।’
এ সিনেমায় মা ও মেয়ের গল্পে অভিনয় করবেন শর্মিলা ও ঋতুপর্ণা। এছাড়াও এই সিনেমায় অভিনয় করবেন ইন্দ্রনীল সেনগুপ্ত।