এক ঝাঁক স্বপ্ন নিয়ে এবারের এশিয়া কাপ খেলতে পা রেখেছিল বাংলাদেশ দল। ছিল ট্রফির জয়ের আত্মবিশ্বাসও। কিন্তু এখন গ্রুপ পর্ব থেকে নিজেদের বিদায় ঠেকাতেই যেন মরিয়া হয়ে রয়েছেন টাইগারর। এ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে গেল বৃহস্পতিবার সহস্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে সাকিব আল হাসানরা। আজ গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবেন টাইগাররা।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের সামনে বাঁচা-মরার সমীকরণ। এ ম্যাচে হারলে টানা দ্বিতীয় বারের মতো এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে বাংলাদেশ। আর জয় পেলে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তানের ম্যাচের দিকে। গত আসরে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপেও শ্রীলঙ্কা ও আফগানিস্তানের কাছে হেরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিলেন টাইগাররা।
এদিকে ৫০ ওভারের ফরম্যাটে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যানে বেশি একটা তফাৎ নেই। এ ফরম্যাটে এখন পর্যন্ত ১৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই দল। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৮টি এবং আফগানিস্তান জিতেছে ৬টি ম্যাচে। এছাড়া সর্বশেষ জুলাইয়ে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল টাইগাররা। সেই সিরিজে প্রথম দুই ম্যাচে পাত্তাই পাননি সাকিব-মুশফিকরা। এছাড়া এশিয়া কাপে এর আগে ৪ বার মুখোমুখি হয়েছিল এই দুই দল যার মধ্যে ৩ বারই জিতেছে আফগানিস্তান আর একবার জিতেছে বাংলাদেশ দল।
শক্তি সামর্থ্যের বিবেচনায় টাইগাররা আফগানিস্তানের তুলনায় শক্তিশালী দল। আইসিসি র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান সপ্তম আর আফগানরা রয়েছে নবম স্থানে। তবে সব শেষ দেখা বিবেচনা করতে এই ম্যাচে এগিয়ে থাকবে তারা।