বাংলাদেশ ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী আফগানিস্তান 

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে আফগানিস্তান। আজ (রোববার) বিকেল সাড়ে ৩টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সাকিব-মুশফিকদের  বিপক্ষে মাঠে নামবে আফগানরা। বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপের মিশন শুরুর আগে ফুরফুরে মেজাজে আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী আফগানিস্তান।   

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদী বলেন, ‘হ্যাঁ, আমি বেশ আশাবাদী। কারণ আমরা আগের থেকে শক্তিশালী ইউনিট। আমরা এই দলের সঙ্গে দুই বছর ধরে কাজ করছি। দেখুন, আমাদের দলে অনেক তরুণ আছে, যারা কিনা প্রতিভাবান। আমি বিশ্বাস করি আমরা আগে যা করেছি তার চেয়ে ভালো পারফরম্যান্স আমরা করবো।’ 

তিনি তাদের ব্যাটিং নিয়ে আরও বলেন, ‘দলে ইব্রাহিম, গুরবাজ, রহমতের মতো বেশ কয়েকজন তরুণ দলে এসেছে। আমাদের ব্যাটিংও শক্তিশালী। যেটা হয়েছে আমরা গত দুই সিরিজে দুটি ম্যাচে কলাপ্স করেছি। টিম মিটিংয়ে আমরা এটা নিয়ে কথা বলেছি। আমরা চেষ্টা করব যাতে এটা আবার না হয়। ইনশাআল্লাহ এটা (ব্যাটিং ধস) আর হবে না।’