এরশাদ ভোটের মাঠেই আছেন

জাতীয় পার্টি-জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ এখন সুস্থ আছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। তিনি বলেছেন, জাপা চেয়ারম্যান অসুস্থতা কাটিয়ে বারিধারার প্রেসিডেন্ট পার্কে নিজ বাসভবনেই অবস্থান করছেন। গতকাল শনিবার সকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রুহুল আমিন হাওলাদার।

তিনি বলেন, গত দু’দিন আগে গণমাধ্যমে বলেছিলাম চেয়ারম্যান সুস্থ হয়ে ফিরে আসবেন। তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন। জাতীয় পার্টি ভোটের মাঠেই আছে। এইচ এম এরশাদ নিজেই ভোটের সার্বিক বিষয় পরিচালনা করছেন। দলের নেতাকর্মী-সমর্থকরা তার পক্ষে মনোনয়ন জমা দিয়েছেন এবং জাতীয় পার্টির পক্ষে সকলে ভোট করছেন, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। সারা দেশে ভোট পরিচালনার জন্য অফিস নেওয়া হয়েছে। নির্বাচনী প্রস্তুতি চলছে। তিনি সময় সুযোগমত মানুষের মাঝে আসবেন।

ঢাকা-৬ আসনে ঘোষিত ইভিএমে ভোটগ্রহণের বিষয়ে জাপার প্রার্থী ও প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদকে সাথে নিয়ে গতকাল নির্বাচন কমিশনে যান দলটির মহাসচিব। ওই আসনে ইভিএমে ভোটগ্রহণের প্রস্তুতি ও সার্বিক বিষয়ে বৈঠকে আলোচনা হয় বলে জানান তিনি।

কাজী ফিরোজ রশীদ বলেন ‘ইভিএম নিয়ে কোনো আশঙ্কা নেই। ইভিএমে ভোটগ্রহণ পদ্ধতি সম্পর্কে জানতেই কমিশনে গিয়েছিলাম। কমিশন আমাকে আশ্বস্ত করেছেন ইভিএমে কোনো জটিলতা নেই। ভোটের আগে পোলিং এজেন্ট ও ভোটারদেরও এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।’