এশিয়া কাপ নিয়ে পিসিবি চেয়ারম্যানের দাবি

বাকি ম্যাচগুলো পাকিস্তানে নেওয়া হোক

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের এই দাবি কি রাখবেন ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ? শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী হবে, তা সময়ই বলে দেবে। তবে আপাতত এশিয়া কাপের বাকি ম্যাচগুলো শ্রীলঙ্কা থেকে সরিয়ে পাকিস্তানে নেওয়ার দাবি জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ। টেলিফোনে তিনি এই দাবিটা জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহর কাছে। জয় শাহ আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও (এসিসি) চেয়ারম্যান।

বর্তমান সূচি অনুযায়ী এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচটি হবে পাকিস্তানের লাহোরে। এর পরের পাঁচটি ম্যাচের ভেন্যুই রাখা হয়েছে শ্রীলঙ্কার কলম্বোকে। ফাইনালের ভেন্যুও কলম্বোই। কিন্তু কলম্বোয় এখন বৃষ্টির মৌসুম। প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে মুষলধারে। এরই মধ্যে গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে, যে ম্যাচটির ভেন্যু ছিল শ্রীলঙ্কার পাল্লেকেলে। এই পাল্লেকেলের চেয়েও কলম্বোয় বৃষ্টির প্রকোপ বেশি। অথচ ৯ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর—এই ৯ দিনের মধ্যে কলম্বোতেই অনুষ্ঠিত হওয়ার কথা ফাইনালসহ ছয়টি ম্যাচ!

বৃষ্টির কারণে এরই মধ্যে কলম্বোর ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার জোর আলোচনা শুরু হয়েছে। এসিসির চেয়ারম্যান হিসেবে জয় শাহও কলম্বো থেকে ম্যাচগুলো সরিয়ে নেওয়ার ব্যাপারে একমত। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডও (এসএলসি) টুর্নামেন্টের স্বার্থে ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার পক্ষে। এই সুযোগে পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ ম্যাচগুলো শ্রীলঙ্কা থেকে সরিয়ে পাকিস্তানে নেওয়ার দাবি জানিয়েছেন। পাকিস্তানের ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তানসহ দেশটির বিভিন্ন গণমাধ্যমগুলোর খবর, এ বিষয়ে জয় শাহর সঙ্গে কথা বলেছেন জাকা আশরাফ। তবে জয় শাহ কী বলেছেন, তা জানা যায়নি।

প্রশ্ন হচ্ছে, জাকা আশরাফের এই দাবি জয় শাহ তথা এসিসি রাখবে কি না। এবারের এশিয়া কাপটি হওয়ার কথা ছিল পাকিস্তানেই। কিন্তু পাকিস্তানের মাটিতে ভারত খেলতে রাজি হয়নি। যে কারণে পাকিস্তানের সহস্বাগতিক হিসেবে শ্রীলঙ্কাকেও রাখা হয়েছে। ভারতের সবগুলো ম্যাচ রাখা হয়েছে শ্রীলঙ্কাতেই। এমনকি ভারতের জেদের জন্য স্বাগতিক হয়েও পাকিস্তানকে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি খেলতে যেতে হয় শ্রীলঙ্কায়। যারা পাকিস্তানে যেতে রাজিই নয়, তারা কীভাবে জাকা আশরাফের এই দাবি মেনে নেবে? কলম্বোর পরিবর্তে ম্যাচগুলো শ্রীলঙ্কারই আরেক শহর ডাম্বুলায় সরিয়ে নেওয়ার কথা উঠেছিল। কিন্তু ডাম্বুলার হোটেলের মান ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে সন্তুষ্ট নয় ভারত! তাহলে কী হবে?