হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন নাজমুল হাসান শান্ত। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে বেশ কয়েক দিন সময় লাগবে। আর তাই বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও শান্তর সার্ভিস পাবে না বাংলাদেশ। গণমাধ্যমকে এমনটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের একটি সূত্র।
এশিয়া কাপে নিজদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন এই শান্ত। সেই ম্যাচেই চোট পান তিনি। আজ (মঙ্গলবার) বিসিবির পাঠানো বিবৃতিতে শান্তর ইনজুরি প্রসঙ্গে বিসিবির ফিজিও বায়জিদ ইসলাম বলেন, 'দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময়ই শান্ত হ্যামস্ট্রিংয়ের কথা জানায়। এরপর সে ফিল্ডিংও করতে পারেনি। আমরা তার এমআরআই করিয়েছি। তার পেশিতে ফাটল আছে। শান্ত এশিয়া কাপে আর খেলছে না, সে দেশে ফিরে গিয়ে পুনর্বাসন শুরু করবে এবং বিশ্বকাপের প্রস্তুতি নেবে।'
সবশেষ কয়েক সিরিজ ধরে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন তিনি। সেই ধারাবাহিকতা ধরে রেখেছিলেন চলমান এশিয়া কাপ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে ৮৯ রানের পর দ্বিতীয় ম্যাচেই শতকের দেখা পান এই ব্যাটার। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়েও বেশ ভালোভাবেই ছিলেন তিনি।