সীমান্তে বাংলাদেশি নিহত, বিএসএফের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক মৃত্যুর ঘটনায় বিএসএফের নামে মামলা দায়ের করা হয়েছে। ২৪ ঘণ্টা পর গত রোববার রাত ১২টার দিকে নিহতের বাবা আব্দুল বাতেন বাদী হয়ে রৌমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অপরদিকে উদ্ধার হওয়া লাশ ময়নাতদন্ত শেষে তার নিজ বাড়িতে দাফন করা হয়েছে।

প্রসঙ্গত, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক মানিক মিয়া (৩৫) নামের এক গরু ব্যবসায়ীকে রৌমারী উপজেলার মোল্লারচর সীমান্তে গুলি করে হত্যা করে। নিহত মানিক মিয়া উপজেলার শৌলমারী ইউনিয়নের বেহুলারচর গ্রামের আব্দুল বাতেনের ছেলে। 

জানা যায়, গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে মানিক মিয়াসহ একদল গরু ব্যবসায়ী আন্তর্জাতিক সীমানা ১০৬২-২এস এর কাছে যায়। এ সময় ভারতের ৪৫ ব্যাটালিয়ানের কুচনিমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ করে পরপর কয়ক রাউন্ড গুলি ছোড়ে। এতে মানিক মিয়ার বুকের ডানপাশে গুলিবিদ্ধ হয়ে ভারতের অভ্যন্তরে মাটিতে লুটিয়ে পড়ে।

রৌমারী থানার ওসি রুপ কুমার সরকার বলেন, সীমান্তে মানিক মিয়া হত্যার ঘটনায় বিএসএফের নামে মামলা হয়েছে।