ভূনবীর-মির্জাপুর সড়ক
অনুজকান্তি দাশ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভূনবীর-মির্জাপুর সড়কটিতে সংস্কার কাজ শেষ হতে না হতেই ফের ধসে পড়েছে রাস্তাটি। ফলে উপজেলার ভূনবীর ও মির্জাপুর ইউনিয়নের শাশন, পাত্রীকুল, ভীমশী, ভূনবীর, গন্ধর্বপুর, বৌলাশীর, যাত্রাপাশা, ছাত্রাবট, মির্জাপুরসহ আশপাশের বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দুই ইউনিয়নের ওপর দিয়ে যাওয়া দীর্ঘ ২০ কিলোমিটারের এই সড়কটিতে সম্প্রতি এলজিইডি কর্তৃক সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। সংস্কারের কয়েকদিনের মাথায় সড়কের বিভিন্ন স্থানে রাস্তার পাশে খালের পাড়ে নির্মিত গার্ডওয়ালগুলো ভেঙে গেছে। এতে করে রাস্তাটি বিভিন্ন স্থানে ধসে পড়ছে। এতে ফের আগের অবস্থায় ফিরে আসছে সড়কটি। ফলে এ রাস্তায় যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
ভূনবীর দশরথ উচ্চবিদ্যালয় ও কলেজের উপাধ্যক্ষ দীপংকর দাশ বলেন, এ পর্যন্ত কয়েকবার রাস্তাটিতে সংস্কার কাজ করা হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি কখনো।
স্থানীয় সমাজকর্মী বিজয়কৃষ্ণ দাশগুপ্ত ভানু, পিনাকী দেব, মো. তাহির মিয়া জানান, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকার পর সম্প্রতি রাস্তাটি সংস্কার ও মেরামতের কাজ হাতে নেওয়া হয়। কিন্তু কাজ শেষ হতে না হতেই এক সপ্তাহের মধ্যেই রাস্তাটিতে ফের ভাঙন দেখা দিয়েছে।
ভূনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. চেরাগ আলী বলেন, এসব সরকারি কাজে আমাদের কোনো হাত নেই। এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা এলজিইডি প্রকৌশলী সঞ্জয় মোহন সরকার বলেন, ভূনবীর-মির্জাপুর সড়কে কাজ অব্যাহত রয়েছে। ভাঙন মোকাবিলায় রাস্তাটির বিভিন্ন স্থানে পুনরায় কাজ করা হবে।