ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড: দগ্ধ ৯ জনকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে ঢাকায়

সিলেট মহানগরের বিরতি সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায়  পাঠানো হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাদের ঢাকায় পাঠানো হয়েছে। 

মঙ্গলবার  (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিরতি সিএনজি ফিলিং স্টেশনে কম্প্রেসার কক্ষের একটি সেফটি বাল্ব বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে। এতে ৯ জন দগ্ধ হন। এদের মধ্যে ৭জন ওই স্টেশনের কর্মচারী ও ২ জন পথচারী। 

আহতরা হলেন রিপন (৩৪), লুৎফর (৩২), রুমেল (২৮), মিনহাজ (২৭), বাদল দাস (৪২), রামিম (১৮), রুমান (২৩), তারেক (৩০) ও মুহিন (৪৫)।

ঘটনার পর আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার দুপুরে তাদের উন্নত চিকিৎসার জন্য  ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন ইউনিটে  বিকাল সাড়ে ৫টার দিকে পাঠানো হয়। 

এদিকে, বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় বুধবার পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ জানান, এ ঘটনায় আহতদের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ দায়ের করা না হওয়ায় কোনো আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে পুলিশ বাদী হয়ে সিলেট কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছে। জিডির প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।