সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুর থেকে লালদীঘি হয়ে বদরগঞ্জ যাওয়ার পথে চোখে পড়ে হাঁঁড়িভাঙ্গা আমের বাগান। গাছ থেকে আম পেড়ে সরাসরি নিয়ে যাওয়া হয় বাজারে। এই আম বেচে লোকসানে পড়েছেন চাষিরা আর আগাম আমের বাগান কিনে নেওয়ায় লাভবান হচ্ছেন পাইকাররা। এ যেন অনেকটা পরের ধনে পোদ্দারীর মতো। বদরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বাংলারহাট এলাকায় গিয়ে দেখা যায়, রাজু ও সাগর নামে দুই ভাই প্রায় ২ বিঘা জমিতে হাঁড়িভাঙ্গা আম লাগান বছর দুয়েক আগে। সেখানে ৪১২টির মতো গাছ রয়েছে। প্রতিটি গাছে ২০ কেজি থেকে এক মণের মতো আম হবে। গাছে আম আসার সাথে সাথে বিক্রি করেন মাত্র ৪২ হাজার টাকায়। সেই বাগান কিনে নেন হায়দার আলী। তিনি সেটি ৮০ হাজার টাকায় বিক্রি করেন পাইকারের কাছে। বর্তমানে বাজারে হাঁড়িভাঙ্গা আম রকমভেদে ৬০ টাকা থেকে কেজিতে বিক্রি হচ্ছে। ফলে ওই আম বিক্রি করে পাইকার দ্বিগুণের বেশি লাভ করবেন।