মৃত গরু জবাইয়ের দায়ে দেওয়ানগঞ্জে তিনজনের জেল-জরিমানা

জামালপুর প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে মৃত গরু জবাই করার দায়ে দুই কসাইকে ছয় মাসের জেল এবং একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম মইনুল ইসলাম জানান, বুধবার দেওয়ানগঞ্জ বাজারে পিলখানায় একটি মৃত গরু জবাই হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাজমুল তাঁর পুলিশ নিয়ে অভিযান চালায়। এ সময় উপজেলার উত্তর কালিকাপুর গ্রামের সাদা মিয়ার ছেলে কসাই সাজন, চর কালিকাপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে কসাই সোনা মিয়া ও গরু জবাইকারী দেওয়ানগঞ্জ বাজার মসজিদের মুয়াজ্জিন বাচ্চু মিয়াকে আটক করে দেওয়ানগঞ্জ থানায় আনা হয়। ঐ দিন বিকালে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কসাই সাজন ও সোনা মিয়াকে ছয় মাসের জেল এবং গরু জবাইকারী মুয়াজ্জিন বাচ্চু মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করে তাদের তিনজনকে এই দণ্ডাদেশ দেন।