গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাদ্রাসাশিক্ষক হাফেজ মাও. সায়েম মাহামুদ ওরফে শামছুল হক (২৩) নিহত হয়েছেন। এ সময় মাদ্রাসাছাত্র আব্দুল্লাহ (১৫) আহত হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহা-সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া নামকস্থনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাদ্রাসাশিক্ষক বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের মহব্বত হোসেনের ছেলে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর জামিয়া আরাবিয়া নেছারিয়া শামছুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষকতা করতেন।
গোপালগঞ্জ সদর থানার এসআই নিতাই চন্দ্র জানান, মাদ্রাসা থেকে ছাত্র আব্দুল্লাহকে নিয়ে মোটর সাইকেলে গোপালগঞ্জের উদ্দেশে রওনা দেন ওই শিক্ষক। মোটর সাইকেল ডুমদিয়া পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শিক্ষক নিহত হন। আহত হয় মাদ্রাসাছাত্র মোটর সাইকেল আরোহী আব্দুল্লাহ। তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপতাল মর্গে পাঠানো হয়েছে।