খালেদা জিয়া-তারেকের বিরুদ্ধে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলছে সাইবার যুদ্ধ :বিএনপি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমদ বলেছেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রীয় অর্থ ও সরাসরি পৃষ্ঠপোষকতায় বিএনপির বিরুদ্ধে কুিসত সাইবার যুদ্ধ চলছে। বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে বাধাদান এবং বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচারে লিপ্ত হয়েছে সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তাদের ভয়ঙ্কর প্রোপাগান্ডায় সয়লাব। গতকাল শনিবার নয়াপল্টনে দলের কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ফেসবুক, ইউটিউব, টুইটার ইত্যাদিতে ছড়িয়ে দেওয়া হচ্ছে বিদ্বেষমূলক নানা সুপার ইমপোজ করা ছবি, টেম্পারড নকল অডিও-ভিডিও। মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এসব অশ্লীল রুচিহীন প্রোপাগান্ডা চালিয়ে সরকার তাদের দশ বছরের গুম-খুন, অত্যাচার-নিপীড়ন, লুটপাট ও দুঃশাসন থেকে ভোটারদের দৃষ্টি অন্যদিকে সরাতে তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। আওয়ামী লীগ এই ধরনের গর্হিত অপকর্মে অর্ধ শতাধিক অনলাইন পোর্টাল, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপ ব্যবহার করছে। বিজ্ঞাপন দিচ্ছে। নামে-বেনামে ভুয়া আইডির ফেসবুকে প্রতিদিন হাজার হাজার ডলার ব্যয় করে প্রমোশন দিচ্ছে। আওয়ামী লীগের এইসব প্রোপাগান্ডা ছড়ানো অনলাইন পোর্টাল, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপের মধ্যে রয়েছে-বাংলা ইনসাইডার, বাংলা নিউজ পোস্ট, আমাদের রাজনীতি, চিরায়ত বাংলাদেশ, নিউজ ফর অল, ছবির মতো দেশ, বাংলাদেশি ভাইরাল ভিডিও, চেয়ারম্যান সাব, গেরিলা ৭১, শোন হে বাঙালি, সাইবার ফোর্স ৭১, রক্ত ঋণ একাত্তর, বঙ্গবন্ধু সাইবার ফোর্স, বঙ্গবন্ধু ডিজিটাল ব্রিগেড, আওয়ামী সাইবার ব্রিগেড, আম জনতা, ভোরের পাতা, গুজবে কান দেবেন না, মোহাম্মদ এ আরাফাত প্রভৃতি। রিজভী বলেন, বিএনপির নেতাদের বিরুদ্ধে সংঘবদ্ধ প্রোপাগান্ডার কেন্দ্রীয় প্রতিষ্ঠান হলো আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি অফিসে স্থাপিত ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন-সিআরআই’। তাদের প্রতিহিংসা ও অপপ্রচার আর তথ্য সন্ত্রাসের নির্মম টার্গেট করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। রিজভী বলেন, সরকারকে বলবো- এই অপপ্রচার থেকে বিরত থাকুন এবং শালীন ও ইতিবাচক রাজনীতি করুন। সত্য দিয়ে সত্যকে মোকাবিলা করুন। আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে এই প্রোপাগান্ডার জবাব দেবে ভোটাররা। তিনি বলেন, কথিত সাংবাদিক সৈয়দ বোরহান কবির অনলাইন পোর্টাল ‘বাংলা ইনসাইডার’ ও ভিডিও চ্যানেল ‘বাংলা নিউজ পোস্ট’ চালাচ্ছে। তার সাথে রয়েছে সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ. আরাফাত নামের জনৈক আওয়ামীপন্থি কথিত বুুদ্ধিজীবী। আছে ছাত্রলীগের সাবেক ও বর্তমানের কয়েকজন চিহ্নিত নেতা।

তিনি অভিযোগ করেন, সারাদেশে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ ও আওয়ামী যুবলীগ-ছাত্রলীগ যৌথভাবে হামলা চালাচ্ছে, পুলিশ নেতাকর্মীদেরকে লাগাতার গ্রেফতার ও জুলুম-নির্যাতন চালাচ্ছে। ‘আওয়ামী লীগ পরাজিত হলেও দেশে থাকবো পালিয়ে যাবো না’ -আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর এমন বক্তব্য উল্লে­খ করে রিজভী বলেন, ‘আপনারা পালিয়ে যাবেন কীভাবে কাদের সাহেব, জনগণ তো আপনাদের পালিয়ে যেতে দেবে না। আপনাদের দুঃশাসনের বিচার বাংলাদেশের মাটিতে হবেই।’ রিজভী বলেন, ২০ দলীয় জোট, জাতীয় ঐক্যফ্রন্টসহ বিভিন্ন মহলে ইভিএম ব্যবহারে আপত্তি রয়েছে। কিন্তু বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ কেন ইভিএম চেয়েছেন তা আমার বোধগম্য নয়। এ বিষয়ে বিস্তারিত জেনে জানাতে পারবো।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নাজমুল হক নান্নু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর নেতা সাইফুল ইসলাম পটু প্রমুখ উপস্থিত ছিলেন।