এবারের এশিয়া কাপ হচ্ছে দুই দেশ মিলিয়ে। নানা নাটকীয়তায় এবারের আসরে ৬টি দলের অংগ্রহণ থাকলেও সবার জন্য এক নিয়ম রাখেনি আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
৬ দলের মধ্যে শুধু ভারত-পাকিস্তান ম্যাচে রাখা হয়েছে রিজার্ভ ডে। অন্য দলগুলো এমন সুবিধা পাচ্ছে না। আর তাই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলে শুক্রবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে মন্তব্য করেন, এক টুর্নামেন্টে দুই নীতি আগে কখনও দেখেননি তিনি।
ভারত-পাকিস্তান ছাড়া অন্য দলগুলোর প্রতি অন্যায় হচ্ছে কী না এমন প্রশ্নে হাথুরুসিংহে বলেন, ‘আমি আগে কখনও কোনো টুর্নামেন্টে এরকম কিছু দেখিনি। টুর্নামেন্টের মাঝপথে নিয়ম পরিবর্তন হওয়া আমার জন্য নতুন বিষয়।’
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের আগে ঘুরেফিরে ভারত-পাকিস্তান ম্যাচের রিজার্ভ ডে’র প্রসঙ্গ উঠে আসে। আগে দুইবার এড়িয়ে গিয়েছিলেন লঙ্কান এই কোচ। দুবারই তিনি বলেছিলেন, যেহেতু সিদ্ধান্ত হয়ে গেছে এটা নিয়ে আমি মন্তব্য করবো না। তবে তৃতীয়বার প্রশ্নে হাথুরুসিংহে জানান, এটি তার জন্য প্রথম অভিজ্ঞতা।
আগের প্রশ্নে কোচ বলেন, ‘আমার মনে হয় টেকনিক্যাল কমিটি সব দেশের সাথে আলোচনা করেই রিজার্ভ ডে’র এই সিদ্ধান্তটা নিয়েছে। হয়তো অন্য কিছু কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হ্যাঁ, এটা আদর্শ নয়। তবে এই সিদ্ধান্ত নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর তো তেমন কিছু বলার নেই। আগে কথা বলতে এলে হয়তো আমাদের মতামত জানাতে পারতাম। এখন তো আমাদের মতামত জানিয়ে লাভ নেই।’
গতকাল (৮ সেপ্টেম্বর) সকালে এক বিবৃতিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) জানায়, এশিয়া কাপে সুপার ফোরে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে থাকছে রিজার্ড ডে। বিরূপ আবহাওয়া কিংবা কোনো কারণে নির্দিষ্ট দিনে খেলা অনুষ্ঠিত না হলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডে-তে।