তারা পাকিস্তানের পক্ষের মুক্তিযোদ্ধা

মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, এমপি বলেছেন, বিএনপি-জামায়াত নেতারা বলছেন জামায়াতেও মুক্তিযোদ্ধা আছে। আমিও বলবো আছে, তবে তারা পাকিস্তানের পক্ষের মুক্তিযোদ্ধা। কারণ তারা পাকিস্তানের জন্য মুক্তিযুদ্ধ করেছেন। তাদেরকে স্বীকৃতি দিয়েছে পাকিস্তান। আর আমরা বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ করেছি। আমরা হলাম বাংলাদেশের জনগণের পক্ষের ও এ মাটির মুক্তিযোদ্ধা। 

শনিবার চাঁদপুর প্রেসক্লাবে চাঁদপুর-৫ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেজর রফিক এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি নেতাদের এমন বক্তব্যকে আমরা ঘৃণা করছি। তাদের এমন দুঃসাহস আমরা কিছুতেই মানব না এবং তাদেরকে ক্ষমাও করবো না। তারা এ ধরনের বক্তব্য দিতে পারে না। তাদের বক্তব্য ক্ষমার অযোগ্য। তিনি বলেন, এ ধরনের মিথ্যা কথা বলে শহীদের আত্মার অপমান করা হয়েছে।