গার্মেন্টস শ্রমিকরা মজুরি পাবেন অনলাইনে

ইত্তেফাক রিপোর্ট

বর্তমানে গার্মেন্টস শ্রমিকরা মাস শেষে নগদ কিংবা ব্যাংক হিসাবে বেতনের অর্থ পেয়ে থাকে। তবে এটি শিগগিরই অনলাইন ব্যবস্থাপনায় যাচ্ছে। মজুরি পাওয়ার পাশাপাশি তারা চাইলে কেনাকাটাও অনলাইন ব্যবস্থায় করতে পারবে। ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে মজুরির এ ব্যবস্থাটি পরিচালনা করবে সরকারের আইসিটি বিভাগ আর তদারক করবে কারখানা শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। এ উপলক্ষ্যে গতকাল বিজিএমইএ’র সঙ্গে সরকারের  ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক।

অনুষ্ঠান শেষে বিজিএমইএ সভাপতি রুবানা হক ইত্তেফাককে বলেন, ই-ওয়ালেটের মাধ্যমে কারখানাগুলো অনলাইনে শ্রমিকের বেতন পরিশোধ করবে। এজন্য কারখানাগুলোকে সক্ষম করে গড়ে তোলা হবে। অল্প কিছু কারখানা বাদে বাকী কারখানার শ্রমিকরা এ ব্যবস্থায় অর্থ লেনদেনের সুযোগ পাবেন। এর মাধ্যমে তারা কেনাকাটা কিংবা চাইলে ব্যাংক থেকে ঋণও নিতে পারবেন। আগামী ঈদে দুই তিনটি কারখানায় এটি পাইলট ভিত্তিতে চালু করতে চান বলেও জানান তিনি। অনুষ্ঠানে বিজিএমইএ’র সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।