শাহরুখের ‘জাওয়ান’-এ থমকে গেলো সানি-আমিশা

বলিউডের বক্স অফিস এখন ব্যবসায়িক দিক থেকে সাফল্যের চূড়ায়। ১১ আগস্ট মুক্তির পর সানি দেওল ও আমিশা পাটেলের গদর ২ ইতিমধ্যেই ৫০০ কোটি ব্যবসা করে ফেলেছে। তবে শাহরুখ খানের জাওয়ান ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার পর তাতে কিছুটা বাঁধা পড়েছে। যদিও ‘জাওয়ান’-এর সাফল্যে শাহরুখ খানকে এখনও পর্যন্ত শুভেচ্ছা জানাননি সানি দেওল। কিন্তু শুভেচ্ছা জানাতে ভুললেননি আমিশা পাটেল। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ‘জাওয়ান’ এর জন্য শাহরুখকে শুভেচ্ছা জানাতে ভুললেন না ‘সাকিনা’ আমিশা। এক্সে (আগের টুইটার) লিখলেন, ‘বক্স অফিসে জাওয়ানের সাফল্যের জন্য তোমাকে আরও এক বার শুভেচ্ছা। তুমি ছাড়া এই ম্যাজিক আর কে-ই বা তৈরি করতে পারে। আমরা তোমায় ভালবাসি।’

শাহরুখ খান ও আমিশা পাটেলেকে কখনও অনস্ক্রিনে একসঙ্গে দেখা যায়নি। তবে কিং খানের ‘ওম শান্তি ওম’ সিনেমাতে কেমিও করেছিলেন আমিশা। 

এদিকে জাওয়ান নিয়ে সানি দেওলের কাছ থেকে যদিও কোনও শুভেচ্ছা আসেনি শাহরুখ খানের জন্য। তবে সানি-কে গদর ২-এর জন্য ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন কিং খান। এক সাক্ষাৎকারে সে কথা নিজেই জানিয়েছিলেন সানি। 

দীর্ঘ সময় সানি দেওল ও শাহরুখ খানের মধ্যে মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ ছিল। যা কাটল এই গদর ২ মুক্তির পরে। গদর ২-এর সাকসেস পার্টিতে দুজনকে গলা জড়াজড়ি করতে দেখা যায়। একে অপরের কাঁধে হাত রেখে ছবিও তোলেন।

 এদিকে, মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ৩০০ কোটির ক্লাবে পৌঁছে গেছে ‘জাওয়ান’। যা রীতিমতো রেকর্ড। রবিবার সারাদিনে ‘জাওয়ান’-এর আয় আরও বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। অ্যাটলি কুমার পরিচালিত এই ছবি বলিউডের সর্বকালের সর্বোচ্চ ওপেনিং।