রোনালদোকে ছাড়ানোর অপেক্ষায়

স্পোর্টস ডেস্ক

পর্তুগালের নতুন রোনালদো খ্যাত বেনফিকা মিডফিল্ডার হোয়াও ফেলিক্সকে দলে টানতে ক্লাব রেকর্ড ১২৬ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এ চুক্তিটির ফলে এযাবত্কালের সবচেয়ে খরুচে দলবদলের সেরা দশে ঢুকে যেতে পারেন ফেলিক্স, ছাড়িয়ে যেতে পারেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোকেও।

গেল মৌসুমে বেনফিকায় দারুণ নৈপুণ্য দেখিয়েছিলেন ফেলিক্স। ১৯ বছর বয়সি এ অ্যাটাকিং মিডফিল্ডারের ১৫ গোল দলকে পর্তুগিজ লিগ জিততে সাহায্য করেছে দারুণভাবে। এমন নৈপুণ্যের ফলে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের মতো ইউরোপীয় শক্তিদের নজরেও চলে এসেছিলেন তিনি। শেষ বাজিটা জিততে যাচ্ছে স্প্যানিশ লিগ রানার্সআপ অ্যাটলেটিকোই। তবে গোল ডটকম জানাচ্ছে, ফেলিক্সের নয় অঙ্কের এ দলবদলের মূল্য বেনফিকাকে কিস্তিতে পরিশোধ করবে স্পানিশ ক্লাবটি। 

এর আগে চলতি দলবদলে রিয়াল মাদ্রিদ থেকে মিডফিল্ডার মার্কোস ইয়োরেন্তে ও পোর্তোর তরুণ ডিফেন্ডার ফেলিপেকে দলে টেনেছে অ্যাটলেটিকো। এবার ফেলিক্সকে দলে টানতে আটঘাট বেঁধে নেমেছে দলটি।

দলে তরুণ খেলোয়াড় আনার ব্যাপারে কোচ দিয়েগো সিমিওনে বলেন, ‘ঐতিহাসিকভাবেই অ্যাটলেটিকো নতুন খেলোয়াড়দের আরো উন্নত করার জন্য কেনে। যেমনটা ইয়ান অবলাক, হোসে হিমেনেজ, লুকাস হার্নান্দেজ কিংবা অ্যান্টোনিও গ্রীজম্যানের ক্ষেত্রে হয়েছিল। তারা যুবদল হয়েই দলে এসেছিল।’

সিমিওনে সম্প্রতি ফক্স স্পোর্টস আর্জেন্টিনাকে দেওয়া সাক্ষাত্কারে আরো বলেন, ‘আমাদের একজন প্রতিভাবান খেলোয়াড় প্রয়োজন যে আমাদের ধারণাগুলোকে ঠিকভাবে বুঝতে পারবে। আমাদের টেকনিক্যাল দল ইতিমধ্যেই এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের মানোন্নয়নে সাহায্য করতে কাজ শুরু করে দিয়েছে।’