স্পোর্টস রিপোর্টার
বিশ্বকাপের পর পরই তিনটি ওয়ানডে খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। গত এপ্রিলে কলম্বোয় গীর্জা-হোটেলে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ৩০০ মানুষ নিহত হয়। তারপর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, এখন শ্রীলঙ্কা সফরের সুযোগ নেই। ২৫, ২৭ ও ২৯ জুলাই তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তবে এখন পরিস্থিতি বদলেছে, গত ২৬ জুন বিসিবির প্রতিনিধি হিসেবে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের চার সদস্য কলম্বো গিয়েছেন শ্রীলঙ্কার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে। এখন তাদের রিপোর্ট ও সবুজ সংকেতের অপেক্ষায় আছে বিসিবি। ২৯ জুন দেশে ফেরার কথা তাদের। তাদের রিপোর্ট পাওয়ার পরও সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করবে বিসিবি।
নিরাপত্তার কারণে সফর না করার কথা বলেছিলেন নাজমুল হাসান পাপন। তখনই সফর স্থগিত না করতে অনুরোধ করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এ সফরে বাংলাদেশ দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি করেছে তারা। ভিভিআইপি নিরাপত্তা প্রদান করা হবে টাইগারদের।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গতকাল এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘তারা সম্প্রতি আমাদের সফরটা চালিয়ে যেতে অনুরোধ করেছিল এবং ভিভিআইপি নিরাপত্তার প্রতিশ্রুতি করেছে। আমরা নিরাপত্তা সংস্থার রিপোর্টের অপেক্ষা করছি, যখন এটা পাবো তখন আমরা সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলাপ করব এবং তাদের অনুমোদন নিব।’ ভবিষ্যতেও যে কোনো সফরের আগে সংশ্লিষ্ট দেশে নিরাপত্তা কর্মকর্তা পাঠাবে বিসিবি।