ব্যান্ডউইথের দাম আরো কমলো

তথ্যপ্রযুক্তি ডেস্ক

ব্যান্ডউইথের দাম আরো কমিয়েছে সরকারি কোম্পানি বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স লিমিটেড (বিটিসিএল)। বৃহসপতিবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ঐ বৈঠকে সভাপতিত্ব করেন। এ সময় টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন। মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে মানুষের কাছে ইন্টারনেট পৌঁছানো অন্যতম গুরুত্বের বিষয়। সরকার সেই লক্ষ্যে ইন্টারনেট সহজলভ্য করেছে। শিক্ষার্থীসহ সাধারণ মানুষ যাতে সাশ্রয়ী খরচে ইন্টারনেট ব্যবহার করতে পারে, সেজন্য  ২০০৯ সালের আগস্ট মাসে প্রতি এমবিপিএস ইন্টারনেটের মূল্য ২৭ হাজার টাকা থেকে কমিয়ে ১৮ হাজার টাকায় নির্ধারণ করা হয়। পরবর্তী সময়ে ২০১১ সালের এপ্রিলে ১২ হাজার টাকা, ২০১২ সালের এপ্রিলে ৮ হাজার টাকা, ২০১৪ সালের এপ্রিলে ২ হাজার ৮০০ টাকা এবং ২০১৫ সালের সেপ্টেম্বরে সর্বোচ্চ ৯৬০ টাকা এবং সর্বনিম্ন ৩৬০ টাকায় কমিয়ে আনা হয়। তিনি বলেন, ২০০৮ সালেও দেশে সাড়ে ৭ জিবিপিএস ব্যান্ডউইডথ ব্যবহার করা হতো। বর্তমানে তা ১১০০ জিবিপিএসে উন্নীত হয়েছে। নতুন করে দাম কমানোর সুফল গ্রাহকরা পাবেন বলে মন্ত্রী আশাবাদী। নতুন মূল্য তালিকা :আইআইজির জন্য আইপি ট্রানজিট :  ৫০০ থেকে ৯৯৯ এমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইথে প্রতি এমবিপিএসের দাম ৩৫০ টাকা, ন্যূনতম দুই বছর মেয়াদি চুক্তিতে প্রতি এমবিপিএস ৩৩৫ টাকা, ৫০ হাজারের বেশি এমবিপিএস ব্যান্ডউইথে প্রতি এমবিপিএস ২৮৫ টাকা। ন্যূনতম দুই বছর মেয়াদে চুক্তিতে এটি ৩০০ টাকা প্রতি এমবিপিএস। আইএসপিএর জন্য আইপি ট্রানজিট : উপজেলা ও ইউনিয়নে ৫ থেকে ১৯ এমবিপিএস ব্যান্ডউইথে প্রতি এমবিপিএস ৪০০ টাকা। এখানে ন্যূনতম তিন বছর মেয়াদি চুক্তিতে এমবিপিএস-প্রতি দাম হবে ৩৭৫ টাকা। ৪০ হাজারের বেশি এমবিপিএস ব্যান্ডউইথে প্রতি এমবিপিএসের দাম ৩১০ টাকা। এটি ন্যূনতম তিন বছর মেয়াদি চুক্তিতে প্রতি এমবিপিএস হবে ২৯০ টাকা। বিটিসিএল লোকাল কনটেন্ট ট্রান্সমিশন চার্জ বৃহত্তর ঢাকার মধ্যে ট্রান্সমিশন চার্জ প্রতি এমবিপিএস ৩০ টাকা, ঢাকার বাইরে এই দাম প্রতি এমবিপিএস ১০০ টাকা। শিক্ষা ও প্রশিক্ষণ-প্রতিষ্ঠানের জন্য : ৫ থেকে ৯৯ এমবিপিএস ব্যান্ডউইথে প্রতি এমবিপিএসের দাম ৩০০ টাকা, এটি ন্যূনতম পাঁচ বছর মেয়াদি চুক্তিতে প্রতি এমবিপিএস হবে ২৭০ টাকা। ৩ হাজারের বেশি এমবিপিএস ব্যান্ডউইথে প্রতি এমবিপিএস ২০০ টাকা। এখানে ন্যূনতম পাঁচ বছর মেয়াদি চুক্তিতে এমবিপিএস প্রতি ১৮০ টাকা। সরকারি অফিস, আধাসরকারি প্রতিষ্ঠান ও করপোরেট অফিসের জন্য : ৫ থেকে ৪৯ এমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইথে প্রতি এমবিপিএস ৩৯৫ টাকা, এখানে ন্যূনতম পাঁচ বছর মেয়াদি চুক্তিতে প্রতি এমবিপিএস হবে ৩৫৫ টাকা। ৩ হাজারের বেশি এমবিপিএস ব্যান্ডউইথে প্রতি এমবিপিএস ২৫০ টাকা। এটি ন্যূনতম পাঁচ বছর মেয়াদি চুক্তিতে প্রতি এমবিপিএস হবে ২২৫ টাকা। ভিপিএন সেবা : সারাদেশে এক রেটে ১ থেকে ৫ এমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইথে প্রতি এমবিপিএস ৩০০ টাকা।  ১০ হাজার বা তার বেশি প্রতি এমবিপিএস টাকা ৩০ টাকা। গ্রামীণ এলাকায় গ্রাহকদের জন্য উল্লিখিত চার্জ হতে শতকরা ১০ ভাগ ছাড় সুবিধা থাকছে।

এছাড়া লিনাক্স ওয়েব হোস্টিং প্যাকেজ এবং উইন্ডোজ ওয়েব হোস্টিং প্যাকেজের ব্যান্ডউইডথের মূল্যও কমানো হয়েছে।