একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭ (গুলশান-বনানী-বারিধারা-ক্যান্টনমেন্ট) আসনে এবারও প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ। তার দল থেকে তিনশটি আসনের মধ্যে ৭০টিতে মোট ৭১ জন মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। বিএনএফের নির্বাচনী প্রতীক ‘টেলিভিশন’।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করে বিএনপি। ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র দাখিল করেও শেষ মুহূর্তে প্রত্যাহার করে নেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ। ফলে ওই নির্বাচনে এই আসনে উল্লেখযোগ্য কোনো প্রতিদ্বন্দ্বী ছিলো না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় না হলেও সহজেই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। সেই সাথে দেশের সবচেয়ে অভিজাত এই এলাকার জনপ্রতিনিধি হওয়ার কারণে আলোচনায় আসেন আবুল কালাম।
গতবার মনোনয়নপত্র প্রত্যাহার করলেও এবার এরশাদ রংপুর-৩ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসনেও মনোনয়নপত্র দাখিল করেছেন। এরশাদ এখানে মহাজোটের প্রার্থী হতে পারেন। মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের কাদের খান। বিএনপির নেতৃত্বাধীন ২০ দল শরিক বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থও এখানে মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া যুক্তফ্রন্টের মুখপাত্র ও বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরীও ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন। আবুল কালাম এমপি বলেন, ভোটের মাঠ থেকে কেউ সরে গেলেও বিএনএফ সরবে না, শেষ পর্যন্ত লড়ে যাবে বিএনএফ।